চট্টগ্রামে সরকারি চাল পাচারের সময় গ্রেপ্তার খাদ্যগুদামের ব্যবস্থাপকসহ পাঁচ-জনকে জিজ্ঞাসাবাদ করতে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিরা হলেন নগরের হালিশহর খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, ট্রাকচালক শামসুল হুদা, তাঁর সহকারী মো. মিজান, মো. শফিউল ও মো. উসমান।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, চাল পাচারের ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে হালিশহর থানার পুলিশ। শুনানি শেষে আদালত প্রতে৵কের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
হালিশহর থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধে৵ কারাগার থেকে আনা হবে।
১৭ জুলাই রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হালিশহর ও সিটি গেট এলাকা থেকে পাচারের সময় সাতটি ট্রাক থেকে ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করে র্যাব। সর্বশেষ ১৯ জুলাই সিটি গেট এলাকা থেকে আরও ২৭০ বস্তা চাল জব্দ করা হয়।