নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গতকাল সোমবার আরও পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেছেন, আসামিপক্ষের হুমকি-ধমকির কারণে এক সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী বলেন, সকালে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কারাগারে থাকা ২৩ আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। এরপর আদালতে সাক্ষ্য দেন নিহত মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলামের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, লাশ বহনকারী কনস্টেবল আবদুল কুদ্দুস, নিহত আইনজীবী চন্দন সরকারের লাশ শনাক্তকারী ও তাঁর ভাগনে আইনজীবী প্রতীপ কুমার দে, নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম এবং তাজুল ইসলামের চাচা আবু তাহের। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, আসামিপক্ষের হুমকি-ধমকির কারণে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম সাক্ষ্য দিতে আদালতে আসতে পারেননি। তিনি জানান, গতকাল গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হত্যা, লাশ উদ্ধারসহ নানা তথ্য উঠে এসেছে। তবে তিনি অভিযোগ করেন, আসামিপক্ষের লোকজন প্রভাব বিস্তার করে মামলার সাক্ষীদের আদালতে আসতে বাধা দিচ্ছে।