রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল সোমবার পাঁচজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ নিয়ে সাতজনের সাক্ষ্য নেওয়া হলো। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বলেন, গতকাল যে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাঁরা হলেন খুনের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, আনোয়ারা বেগম, মোস্তফা হোসেন, শহিদার রহমান ও স্বাধীন মিয়া।
রথীশ চন্দ্র বলেন, এর আগে ১৮ জানুয়ারি মামলার বাদী রেজাউল করিম ও সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল হকের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ মঙ্গল ও কাল বুধবার দুই দিনে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মামলার ৫৭ জন সাক্ষী রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলীর জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চরের সাখাওয়াত হোসেন (৩২)। পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।
এই মামলার অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) এর আগে রাজশাহী ও কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।