পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হোশি  হত্যা মামলা
কুনিও হোশি হত্যা মামলা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আজ বৃহস্পতিবার চার পুলিশ সদস্যসহ পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হলো। আগামী রোববার বাকি ১২ জনের সাক্ষ্য নেওয়া হবে।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।

বিশেষ সরকারি কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিক জানান, আজ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার, জহুরুল ইসলাম, আশিকুর রহমান, ইকবাল হোসেন ও খুনের ঘটনাস্থল কাচু আলুটারি গ্রামের বাসিন্দা শাহজাহান আলী।

রথীশ চন্দ্র ভৌমিক জানান, রোববার ১২ জনের সাক্ষ্য নেওয়া হবে। এই মামলায় মোট সাক্ষী ৫৭ জন।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।

আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। তিনি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)। বাকি দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) মামলার অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন। আর মামলার অভিযোগ গঠনের পরে কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গত বছর ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর গত বছর ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।