মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক, দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেই
পাঁচজনের সাজা, একজনের কার্যকর

একাত্তরে বুদ্ধিজীবী নিধনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত পাঁচজনের মধ্যে চারজনের রায় এখনো কার্যকর হয়নি। ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত দুজনের আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। দুজন মুক্তিযুদ্ধের পর থেকে বিদেশে পলাতক। একজনের রায় কার্যকর হয়েছে।
এদিকে পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার জোরালো পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও বিচারের দাবিতে আন্দোলনকারীরা।
অবশ্য মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। তবে ওই কমিটি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। গত ফেব্রুয়ারিতে গঠনের পর এ কমিটি এখন পর্যন্ত একটি মাত্র বৈঠক করেছে। প্রথম বৈঠক হয় কমিটি গঠনের আট মাস পর।
বুদ্ধিজীবী হত্যার আংশিক অভিযোগ ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে। একাত্তরে কবি মেহেরুননিসা ও সাংবাদিক আবু তালেবকে হত্যার দায়ে তিনি কারাদণ্ড পেয়েছিলেন। অন্য অভিযোগে তাঁর মৃত্যুদণ্ড হয়। গত বছরের ১২ ডিসেম্বর এ রায় কার্যকর করা হয়।
বুদ্ধিজীবী হত্যার অভিযোগ-সংক্রান্ত ট্রাইব্যুনালের রায়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, পাকিস্তানি সেনাদের সঙ্গে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা প্রণয়ন ও বাস্তবায়ন করেছিলেন এ দেশীয় চারজন। তাঁরা হলেন: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, একাত্তরে গুপ্তঘাতক আলবদর বাহিনীর কমান্ডার চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান। ১৯৭১ সালে রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে (তৎকালীন ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট) পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্প বসানো হয়েছিল। আলবদর ও রাজাকাররা সেখানে পাকিস্তানি সেনাদের কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিত। আর বাঙালিদের ধরে এনে পাশবিক নির্যাতনের পর হত্যা করত।
ট্রাইব্যুনালের রায় অনুসারে, পাকিস্তানি সেনাদের সঙ্গে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা করতেন নিজামী ও মুজাহিদ। আর আলবদর সদস্যদের সঙ্গে নিয়ে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতেন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান। একাত্তরে ‘বাঙালি বুদ্ধিজীবীদের কসাই’ নামে পরিচিত আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’, আর মুঈনুদ্দীন ছিলেন ‘অপারেশন ইনচার্জ’।
মানবতাবিরোধী অপরাধের মামলায় বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। এরপর গত বছরের ৩ নভেম্বর আরেক মামলায় একই ট্রাইব্যুনাল মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। আর গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ড দেন। এর মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নিজামী ও মুজাহিদ সুপ্রিম কোর্টে আপিল করেছেন। এখন মুজাহিদের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। নিজামীর আপিল শুনানি শুরু হতে দেরি হতে পারে।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেই। যদিও এ ব্যাপারে ফেব্রুয়ারিতে একটি কমিটি হয়। গত ৪ সেপ্টেম্বর এই কমিটি প্রথম বৈঠকে বসে। বৈঠকে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। যুক্তরাজ্য সরকার আমাদের কাছে বেশ কিছু নথি চেয়েছে, সেগুলো প্রস্তুত করা হচ্ছে। দুটি দেশ থেকেই বন্দী প্রত্যর্পণের বিষয়ে বেশ কিছু আইনি জটিলতা আছে। তার পরও আমরা চেষ্টা করছি। আশা করি একটা অগ্রগতি হবে।’
তদন্ত সংস্থার সূত্র জানায়, মুক্তিযুদ্ধের পর থেকে মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁরা দুজনই সেখানকার নাগরিকত্ব পেয়েছেন। এ জন্য তাঁদের বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা কঠিন হবে।
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রায় পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এ জন্য মুঈনুদ্দীন-আশরাফুজ্জামানকে ফিরিয়ে আনার চেষ্টা আরও জোরালো হতে হবে।