এবারের পয়লা বৈশাখের দিন বিকেল পাঁচটার পর থেকে উন্মুক্ত স্থানে কোনো প্রকার কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান করা যাবে না। ১৩ এপ্রিল সকাল ছয়টা থেকে ১৪ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। আর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সাড়ে চারটার পর প্রবেশ করা যাবে না।
গতকাল সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বিগত দিনগুলোর ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে এবারের আইনশৃঙ্খলার বিষয়টি সাজানো হয়েছে। নববর্ষ উদ্যাপনের লক্ষ্যে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসরোবর, হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
এবারের মঙ্গল শোভাযাত্রায় ইভ টিজিং প্রতিরোধে সোয়াত টিম দায়িত্ব পালন করবে। ভুভুজেলা বাজানো, বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে হাতে রাখতে পারবে। চারুকলার অনুমোদন ছাড়া অন্য কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, কী এমন হুমকি, যে কারণে এত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তরে ডিএমপির কমিশনার বলেন, ‘এ উৎসবটা জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে একটা উৎসব। নির্ভয়ে মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের উপকমিশনার (ডিসি) খান মো. রেজওয়ান, রমনা জোনের ডিসি আবদুল বাতেন প্রমুখ।
বৈশাখের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার পথ: রমনা উদ্যান: প্রবেশপথ—অরুণোদয়, রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল। বের হওয়ার পথ—উত্তরায়ণ (পুলিশ ভবন ক্রসিং, মিন্টো রোডের শেষ প্রান্ত) ও বৈশাখী গেট। আর রমনা উদ্যানে প্রবেশ এবং বের হওয়া—দুটির জন্য উন্মুক্ত থাকবে শ্যামলীমা, স্টার গেট ও নতুন গেট ।
সোহরাওয়ার্দী উদ্যান: প্রবেশপথ—বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট, শিখা চিরন্তন গেট, তিন নেতার মাজারসংলগ্ন গেট। বের হওয়ার পথ—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসংলগ্ন গেট, রমনা কালীমন্দির গেট। ছবির হাট ও টিএসসিসংলগ্ন গেট দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে না। এই দুটি গেট বন্ধ থাকবে।