ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাট ইজারার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতিমধ্যে ছয়টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে পাঁচটির ইজারা চূড়ান্ত করা হয়েছে। রায়েরবাজার এলাকায় ডিএনসিসি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নিলেও গাবতলী হাটের ইজারাদার তাতে আপত্তি তুলেছেন বলে জানা গেছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গতবারের মতো এবারও ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পার্শ্বস্থ বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গার নির্ধারিত হাটের কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ইজারা দেওয়া হয়নি। বাকি পাঁচটি অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে। আর গাবতলী পশুর হাটটি স্থায়ী হওয়ার কারণে ঈদের হাট হিসেবে ইজারায় আসেনি।
কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পার্শ্বস্থ বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গার নির্ধারিত হাটের দর আগেরবারের তুলনায় বেশ কম উঠেছে। এবারের সর্বোচ্চ দর ১ কোটি ১১ লাখ টাকা। সর্বোচ্চ দরদাতা দেওয়ান ইন্টারন্যাশনাল। অথচ গতবার এই হাট ইজারা দেওয়া হয়েছিল ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকায়। গত বছর কয়েক দফা দরপত্র আহ্বান করেও সিন্ডিকেটের কারসাজির কারণে অস্থায়ী কোরবানির পশুর হাটের আশানুরূপ দর পায়নি ডিএনসিসি। আত্মীয়স্বজনের নামে টেন্ডার শিডিউল ক্রয় করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরাই পশুর হাট ইজারা নিয়েছিলেন। এবারও তাঁদের প্রভাবের কারণেই পূর্বাচলমুখী ৩০০ ফুট সড়কের পাশের এই হাটের দর আগের চেয়ে কম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাটটি ইজারার জন্য পুনরায় দরপত্র আহ্বান করবে ডিএনসিসি।
উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গার হাটের সর্বোচ্চ দর উঠেছে ১ কোটি ২৫ লাখ টাকা। গত বছর এই হাটের ইজারা দেওয়া হয়েছিল এক কোটি নয় লাখ টাকায়।
খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গার হাটের সর্বোচ্চ দর উঠেছে ২ কোটি ৪১ লাখ টাকা। গতবার এই হাটের দর ছিল ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ ইস্টার্ন হাউজিংয়ে খালি জায়গার হাটের এবারের সর্বোচ্চ দর ৫১ লাখ টাকা। গতবার ছিল ৪৩ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা। ভাষানটেক বেনারসিপল্লি মাঠ ও সংলগ্ন খালি জায়গার হটের দর উঠেছে ১ কোটি ৬০ লাখ টাকা।
রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে স্থাপিত হাটটির সর্বোচ্চ দর উঠেছে এক কোটি টাকা, যা আগের বছরের ইজারা দরের তুলনায় বেশি। কিন্তু হাটটি বসানো নিয়ে গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান আপত্তি তুলেছেন।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় অস্থায়ী হাট যাতে বসতে না দেওয়া হয়, এই মর্মে গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান মেয়র আনিসুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।
লুৎফর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এবার গাবতলী স্থায়ী পশুর হাটটি গত বছরের তুলনায় প্রায় চার কোটি টাকা বেশি দামে ইজারা নিতে হয়েছে। অথচ গাবতলী হাটের দুই কিলোমিটারের মধ্যে রায়েরবাজার হাটটি বসানো হয়। এবার এই হাটটি বসলে আমি পথে বসে যাব।’
তবে লুৎফর রহমানের এই দাবির সঙ্গে একমত নন রায়েরবাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর-ধানমন্ডির লোকজন আগে আগারগাঁও এলাকার হাটে যেত। হাসপাতালের সামনে বলে সেখানে হাট বসে না। গত বছর রায়েরবাজারে হাটটি বসায় এলাকাবাসীর উপকার হয়েছে। সবার সুবিধা বিবেচনায় হাটটি থাকা উচিত।
ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রায়েরবাজারের হাটটি সরিয়ে নেওয়ার বা বাতিল করার কোনো পরিকল্পনা নেই।