পাঁচটি আশু পদক্ষেপ নেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে পাঁচটি আশু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জনসংহতি সমিতির (জেএসএস) রূপায়ণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশের শীর্ষস্থানীয় নেতারা। চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা ওই পরামর্শ দেন।এর আগে জুম্ম নেতারা বাংলাদেশে আদিবাসী জাতিগুলোর সাংবিধানিক স্বীকৃতি ও সংবিধান সংশোধনের প্রস্তাব সংবলিত একটি স্মারকলিপি সাজেদা চৌধুরীর হাতে তুলে দেন। স্মারকলিপি নেওয়ার পর বৈঠকে সাজেদা চৌধুরী জেএসএস প্রতিনিধিদলের কাছে জানতে চান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকার এখন কী করতে পারে। জবাবে রূপায়ণ দেওয়ান বলেন, সরকার অন্তত পাঁচটি পদক্ষেপ নিতে পারে। এগুলো হলো—পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যকর করতে কার্যবিধিমালা প্রণয়ন; আঞ্চলিক পরিষদের জন্য প্রস্তাবিত ও এর আগে অনুমোদিত কার্যালয় কমপ্লেক্স নির্মাণ; নির্বাচন না হওয়া পর্যন্ত জেলা পরিষদগুলো কার্যকর রাখতে সেখানে বিভিন্ন জুম্ম জাতি-গোষ্ঠীর প্রতিনিধি মনোনয়ন দেওয়া; ভূমি কমিশনের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে নতুন করে কমিশন গঠন এবং অসাম্প্রদায়িক, নিষ্ঠাবান ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে শক্তিশালী করা।