ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের একযোগে বন্ধ হয়ে যাওয়া ছয়টি ইউনিটের মধ্যে পাঁচটি ফের সচল হয়েছে। তবে ইউনিটগুলো দিয়ে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সচল হওয়া ইউনিট দিয়ে বর্তমানে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।কেন্দ্রগুলো সচল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, হবিগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের এলাকায় লোডশেডিংয়ের মাত্রা ধীরে ধীরে কমে আসছে। আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত সোমবার বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ছয়টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে সুইচ ইয়ার্ডের ২৩০ কেভি কারেন্ট ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু সময়ের মধ্যে ওই স্থান থেকে ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। পরে আগুনের শিখা বের হয়ে আসে। দেখতে দেখতে আগুনের শিখা প্রায় ১০০ ফুট উপরে উঠে যায়। কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে একে একে ইউনিটগুলো বন্ধ হতে থাকে। একই কারণে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রেন্টাল, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ৫৫ মেগাওয়াট পিসিসন এনার্জি ও ৮০ মেগাওয়াটের ইউনিটেও উৎপাদন ধস নামে। পরে কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ শুরু করে। রাতে দুটি এবং সকালে তিনটি এবং বিকেল সাড়ে পাঁচটির দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নং ইউনিট সচল করা হয়। তবে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নং ইউনিট এখনো বিকল রয়েছে।আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম সাংবাদিকদের জানান, তবে দুর্ঘটনার কিছু সময়ের মধ্যে কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা সমস্যা সমাধানে টানা কাজ করে যাওয়ার কারণে এরই মধ্যে পাঁচটি ইউনিট সচল করা গেছে। অন্যটি দ্রুত সময়ের মধ্যে সচল করা যাবে বলে আশা করি।