পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
mymensing
mymensing

শীতের শুরুতেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন রহিমা খাতুন (৬০)। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামে। চিকিৎসার জন্য সম্প্রতি তিনি যান মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে। সেটি বন্ধ থাকায় তাঁর সব পরিশ্রম বৃথা যায়।

ক্লান্ত ও পরিশ্রান্ত রহিমা হাঁফাতে হাঁফাতে এ প্রতিবেদককে বলেন, ‘সরহার গাও-গেরামের গরিব মাইনষ্যের লাইগ্যা হাসপাতাল বানাইছে। অতডা পথ কষ্ট কইরা আইয়া যদি ডাক্তর (চিকিৎসক) দেহাইতাম না ফারি (পারি) তা অইলে এই হাসপাতাল বানাইয়া কী লাব (লাভ) অইলো। আমরার মতো গরিব মানুষ কই যাইবো।’ এখন চিকিৎসা কোথায় করাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর কিতা করবাম। অষুধের দোহানতে (ফার্মেসি) অষুধ কিইন্যা খাইয়াম। আর কবিরাজের তেল পড়া শইল্য মাখবাম।’

নান্দাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে খারুয়া, শেরপুর, মোয়াজ্জেমপুর, গাংগাইল ও রাজগাতী। প্রতিটি কেন্দ্রে একটি করে চিকিৎসকের পদ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারটি কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। শেরপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। উপস্বাস্থ্যকেন্দ্রের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসকের অভাবে এসব স্বাস্থ্যকেন্দ্র মাসের বেশির ভাগ সময় বন্ধ থাকে।

এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টাচার্য বলেন, চিকিৎসক, ফার্মাসিস্ট ও অফিস সহায়কের পদগুলো শূন্য রয়েছে। বর্তমানে চিকিৎসকের সহকারীরা (উপসহকারী কমিউনিটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) স্বাস্থ্যকেন্দ্রগুলো চালাচ্ছেন।

মোয়াজ্জেমপুর উপস্বাস্থ্যকেন্দ্রের পাশেই সাহেরা খাতুনের (৬০) বাড়ি। তিনি বলেন, মাসের বেশির ভাগ সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে। ভবনের দোতলার চিকিৎসকের জন্য নির্ধারিত বাসায় বসবাস করেন পরিবার পরিকল্পনা বিভাগের আয়া রাবিয়া খাতুন।

রাবিয়া বলেন, প্রতিদিন তিনি স্বাস্থ্যকেন্দ্রের তালা খোলেন। কোনো দিন পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর এসে বসেন। আবার কোনো দিন স্বাস্থ্য বিভাগের লোকজন (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) এসে ওষুধ বিতরণ করে চলে যান। এই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই।

গত ২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে উপজেলার ‘পাছদরিল্লা উপস্বাস্থ্যকেন্দ্রটি খোলা পাওয়া যায়। চিকিৎসকের সহকারী ফরহাদ হোসেনকে ওষুধপত্র বিতরণ করতে দেখা যায়। জানতে চাইলে ফরহাদ বলেন, তিনি এখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। ওষুধপত্র বিতরণ করলেও রোগীর ব্যবস্থাপত্র দেন না তিনি। শারীরিকভাবে অসুস্থ ও ঝামেলা না থাকলে তিনি স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে বসেন।

পাছদরিল্লা গ্রামের আটজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক না থাকায় তাঁরা এখান থেকে কোনো ধরনের সেবা পান না।
২১ নভেম্বর উপজেলার গাংগাইল ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। স্বাস্থ্যকেন্দ্রের সামনের পুকুর পাড়ে বসে এক ব্যক্তির চুল কাটছিলেন নরসুন্দর পরিমল শীল। জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতালটি বেশির ভাগ সময় বন্ধ থাকতে দেখি।’ ওই এলাকার বাসিন্দা আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসক নেই। গ্রামের লোকজন এখান থেকে চিকিৎসাসেবা না পেয়ে হাতুড়ে ডাক্তার ও কবিরাজের দ্বারস্থ হচ্ছে।

২৬ নভেম্বর দুপুরে গিয়ে খারুয়া উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। ওই কেন্দ্রের সামনে চা-দোকানি গিয়াস উদ্দিন বলেন, চিকিৎসক হচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের প্রাণ। চিকিৎসকই যদি না থাকেন তা হলে অসুখ-বিসুখ হলে মানুষ কোথায় যাবে?

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টাচার্য বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এর মধ্যে ১৩টি পদ শূন্য। আরও দুজন চিকিৎসকের কোনো খোঁজ নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে লিখিতভাবে জানানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নান্দাইলের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, ‘চিকিৎসক না থাকার বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবহিত করেছি। দেখা যাক কী হয়।’