পাঁচটি খাদ্যগুদাম নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন পাঁচটি খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় নতুন পাঁচটি খাদ্যগুদাম নির্মাণের জন্য সম্প্রতি কালাই-ক্ষেতলাল সড়কের পাশে জমি অধিগ্রহণ করা হয়। এরপর গুদাম নির্মাণের জন্য পৃথক দুটি প্রকল্পে প্রায় ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই গুদাম নির্মাণের কাজ পায় মেসার্স আনাম ট্রেডার্স ও মেসার্স প্রধান ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে সম্প্রতি ওই দুটি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে।সরেজমিনে দেখা গেছে, প্রথম প্রকল্পে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি গুদাম নির্মাণের কাজ পেয়েছে মেসার্স আনাম ট্রেডার্স। এ দুটি খাদ্যগুদাম নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় চার কোটি ৮০ লাখ টাকা। দ্বিতীয় প্রকল্পে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার তিনটি গুদাম নির্মাণে প্রায় পাঁচ কোটি ২০ লাখ টাকার কাজ পেয়েছে মেসার্স প্রধান ট্রেডার্স। আনাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মানিক মিয়া আর প্রধান ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজির হোসেন প্রধানের পক্ষে কাজ দেখভাল করছেন তার ভাতিজা বুদু মিয়া। কালাই পৌরসভার কাউন্সিলর সাজ্জাদুর রহমান বলেন, ‘গুদাম নির্মাণের নামে এখানে যা চলছে, তা আসলে শুভংকরের ফাঁকি। গুদামের জন্য তোলা কলামের চারপাশের গর্তগুলো বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কেউ যাতে বিষয়টি ধরতে না পারে, এ জন্য গর্তের ওপর সামান্য বালু ঢালা হচ্ছে।’ প্রায় একই কথা বলেন কালাই তালুকদারপাড়ার লিটন তালুকদার, সদরের নয়ন হোসেনসহ কয়েকজন।প্রধান ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বুদু মিয়া বলেন, ‘কলামের গর্ত বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করার অভিযোগ ভিত্তিহীন। গর্তগুলো বালু দিয়েই ভরাট করা হয়েছে।’ প্রথম প্রকল্প দেখভালের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘গর্ত খননের সময় ভুলক্রমে বেশি মাটি কাটা হয়েছিল, তাই ভরাটের সময় একটু-আধটু মাটি ব্যবহার হতে পারে।’ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিছুজ্জামান ইবনে ওমর বলেন, ‘মাটি দিয়ে কলামের গর্ত ভরাটের প্রমাণ আমি নিজেও পেয়েছি। ঠিকাদারদের এ ধরনের অনিয়ম বন্ধ করতে উপসহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের নির্মাণ এলাকায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’