পাঁচটি খুঁটির অভাবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচটি খুঁটি হলেই রংপুরের তারাগঞ্জ উপজেলার কূর্শা ইউনিয়নের রামপুরা গ্রামে বিদ্যুৎ পৌঁছে যায়। কিন্তু গ্রামবাসীর ভাগ্যে বিদ্যুৎ জুটছে না। বিদ্যুতের অভাবে থমকে গেছে গ্রামটির উন্নয়ন। এলাকার লোকজন জানান, গ্রামটিতে প্রায় ৭০০ লোকের বাস। এখানে ৪০০ একর চাষযোগ্য জমি আছে। ভোটের সময় জনপ্রতিনিধিরা গ্রামটির উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি কেউ। গ্রামবাসী বিদ্যুতের জন্য ১৫ বছর ধরে বহুজনের কাছে ধরনা দিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, রামপুরা ও ঘনিরামপুর পাশাপাশি গ্রাম। ঘনিরামপুরের যেখানে বিদ্যুতের খুঁটি আছে, সেখান থেকে রামপুরা গ্রামের দূরত্ব প্রায় ১০০ মিটার। এ জায়গায় বিদ্যুতের পাঁচ-ছয়টি খুঁটি বসিয়ে রামপুরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। গ্রামের কৃষক আনছার আলী (৪০) বলেন, ‘পাঁচটি খুঁটি হলে ঘনিরামপুর থাকি হামার রামপুরা গ্রামে বিদ্যুৎ আনা যায়। তাকে কায়ও করে না। সেচের অভাবে হামরা জমিত ভালো ফসল ফলবার পারিছি না। এই জন্য এটে অভাব নাগি আছে।’গ্রামের দিনমজুর আনিছুল ইসলাম (৪০) বলেন, ‘ঘনিরামপুর গ্রামোত আগত আবাদ হয় নাই, হামরা আগত ওই গ্রামের ডাঙ্গাত গরু-ছাগল বানদিছোনো। এলা বিদ্যুৎ হওয়ায় ওটে ধান, আলু, তামাক হয়ছে। জমির দামও বাড়ছে। ওই গ্রামের সবাই সুখে আছে। হামার গ্রামের মানুষের এলা কষ্ট।’কূর্শা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম জানান, ঘনিরামপুর গ্রামের দৌলত খাঁর বাড়ি থেকে পাঁচ-ছয়টি খুঁটি বসিয়ে রামপুরা গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। রামপুরার মানুষের দাবি পূরণের জন্য একাধিকবার সাবেক সাংসদের কাছে অনুরোধ করেছি। পল্লী বিদ্যুৎ অফিসেও দু-তিন দিন গিয়েছি। কিন্তু ফল হয়নি।স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ আনার চেষ্টা করছি। এ বিষয়ে পাগলাপীর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপকের সঙ্গে কয়েকবার কথা বলেছি।রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন জানান, নানা সমস্যার কারণে রামপুরা গ্রামের মতো অনেক গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। তবে, খোঁজ নিয়ে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করব।