রাজশাহীতে বাসশ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক এবং হিউম্যান হলারচালকদের বিরোধের জের ধরে গতকাল শনিবার রাজশাহী-ঢাকাসহ সবগুলো সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বিভিন্ন স্থানে বাসসহ ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হন। গতকাল সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের পবা উপজেলার নওহাটা সেতুর কাছে বাসশ্রমিকেরা সিএনজিচালিত অটোরিকশা, মিশুক ও হিউম্যান হলার চলাচলে বাধা দেন। এর জের ধরে ওই তিনটি যানের চালকেরা বেলা ১১টার দিকে নগরের শালবাগান এলাকায় জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস ভাঙচুর ও বাসের চালককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাসশ্রমিকেরা জেলা ও আন্তজেলার সবগুলো সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পরে বাসশ্রমিকেরা রেলগেট এলাকায় চারটি অটোরিকশা ও একটি হিউম্যান হলার ভাঙচুর করেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন।