পাঁচটি গ্রাম প্লাবিত, বিপর্যয়ের আশঙ্কায় ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শেষ হতে না-হতেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের চুইবাড়িয়া নামক স্থানে ক্লোজারের একাংশ ধসে গেছে। গত শনিবার রাত আটটার দিকে প্রবল জোয়ারের তোড়ে ক্লোজারটি ধসে যায়। এতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ নতুন করে বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইতিমধ্যে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ও পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল হক জানান, আইলার সময় পানির তোড়ে পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে চুইবাড়িয়া, চাকলা, দিঘলারাইট, রুইয়ারবিল, গড় কোমরপুর, বাইনতলা ও পদ্মপুকুর ইউনিয়নের ১৫টি গ্রামের ৪৫ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। ভেসে যায় তাদের ঘরবাড়িসহ গৃহপালিত পশু। অনেকে বেড়িবাঁধের ওপর আশ্রয় নেয়। আবার এলাকা ছেড়ে কেউ কেউ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। বর্ষা মৌসুম চলে যাওয়ায় অনেকে এলাকায় ফিরে আসতে শুরু করেছে।আবদুল মান্নান ও আমজাদুল হক আরও জানান, পদ্মপুকুর ইউনিয়নের ক্লোজার নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্তু চুইবাড়িয়ার ক্লোজার নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রতাপনগর ইউনিয়নের ১২টিসহ ১৭টি গ্রামের মানুষ নানামুখী সমস্যায় রয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে চুইবাড়িয়ার ১৭৫ মিটার বাঁধ জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য চার কোটি ২০ লাখ টাকা বরাদ্দ হয়। মেসার্স সেজান এন্টারপ্রাইজ ও ইসলাম ব্রাদার্সের নামে দরপত্র নিয়ে আশাশুনি ইউপির চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম গত ৩ নভেম্বর থেকে ক্লোজারের নির্মাণকাজ শুরু করেন। সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সার্বিক তত্ত্ব্বাবধানে চুইবাড়িয়া ক্লোজারের দুই পাশে প্রায় ৫৬০ ফুট বাঁধ নির্মাণ করা হয়। বাকি ৪০ ফুটের ওপর বালু দেওয়ার কাজ গত শনিবার দুপুরে শেষ হয়।বাঁধ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকেরা জানান, শনিবার বেলা তিনটার দিকে বালুভর্তি বস্তা ফেলার কাজ শেষ হয়। ক্লোজার আটকানোর পাঁচ ঘণ্টা না যেতেই রাত আটটার দিকে কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে ওই স্থানের প্রায় ৭০ ফুট বাঁধ আবারও ধসে যায়। জোয়ারের পানি ভাঙা জায়গা দিয়ে লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকার ৩০ হাজার লোকের গ্রামে বাস করা কঠিন হয়ে পড়েছে।চুইবাড়িয়া ক্লোজার নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এ বি এম মোস্তাকিম জানান, এতে শুধু তিনিই ক্ষতিগ্রস্ত হননি, নতুন করে সমস্যায় পড়েছে এলাকার আইলাকবলিত কয়েক হাজার মানুষ। পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফয়েজ বলেন, জরুরি ভিত্তিতে আবারও বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ৯ মার্চের আগে কিছু করা যাবে বলে মনে হচ্ছে না।