পাঁচটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার
চট্টগ্রাম মহানগর পুলিশ কুমিল্লা থেকে পাঁচটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার চারটি অটোরিকশা চট্টগ্রামে আনা হয়। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে অপর গাড়িটি চৌদ্দগ্রাম থানায় রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে গত এক মাসেরও বেশি সময়ে এসব গাড়ি চুরি হয়েছিল। চুরি হওয়া কোনো গাড়িরই নম্বর নেই। এসব গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আল-আমিন। কুমিল্লার বুড়িচং এলাকায় তার বাড়ি। গতকাল আদালতে হাজির করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং থেকে প্রথমে তিনটি গাড়ি উদ্ধার করি। এরপর তিতাস এলাকার মাচিংপুর ও চৌদ্দগ্রাম থেকে আরও দুটি গাড়ি উদ্ধার করা হয়।’ পুলিশ সূত্রে জানা যায়, নগরের শুলকবহর এলাকার মারুফ বোর্ডিং নামের একটি আবাসিক হোটেলের সামনে থেকে প্রায় এক মাস আগে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এটি উদ্ধার করতে গিয়ে আরও চারটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। কুমিল্লার তিতাস, বুড়িচং, সেনানিবাস, চৌদ্দগ্রাম ও নারায়ণগঞ্জের মদনপুরে একটি চক্র এসব গাড়ি চুরির সঙ্গে জড়িত। তারা গাড়ি ফেরত দেওয়ার নামে মুঠোফোনে একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে টাকা আদায় করে। পরে মুঠোফোনটি বন্ধ করে দেয়। ফলে টাকা আর গাড়ি কোনোটাই পাওয়া যায় না। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ চুরি হওয়া গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে।’