পাঁচটি ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচটি স্মারক ডাকটিকিট, দুটি উদ্বোধনী খাম, দুটি ডাটা কার্ড ও একটি স্মরণিকা অবমুক্ত করেছেন। আজ শুক্রবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাকটিকিট অবমুক্ত করেন।
বিজয়ের ৪৫ বছর উদ্যাপন উপলক্ষে (১৯৭১-২০১৬) প্রধানমন্ত্রী ১৬ টাকা দামের বিশেষ একটি স্মারক ডাকটিকিট এবং একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা দামের আরও চারটি ডাকটিকিট অবমুক্ত করেন।
পাশাপাশি ১০ টাকা মূল্যমানের দুটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের দুটি ডাটা কার্ড ও ৪৫ টাকা মূল্যমানের একটি স্যুভেনির অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।