পাঁচটি তক্ষক অবমুক্ত
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে উদ্ধার করা পাঁচটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উদ্যানের জানকী ছড়া এলাকায় এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল গত মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ভারতের দিক থেকে চটের থলে হাতে এক লোক আসেন। তিনি বিজিবিকে দেখে থলেটি ফেলে পালিয়ে যান। বিজিবির সদস্যরা থলের মধ্যে পাঁচটি তক্ষক পান। তক্ষকগুলোকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরে এগুলো লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, ‘বিজিবি আমাদের কাছে তক্ষকগুলো নিয়ে আসে। পরে আমরা লাউয়াছড়ায় অবমুক্ত করে দিয়েছি।’