পাঁচটি তক্ষকসহ তিনজন গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলায় পাঁচটি তক্ষকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ঈদগড় ইউনিয়নের পূর্ণগ্রাম পাহাড়ি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জসিম উদ্দিন, মো. ইউনুছ ও আবদুল আজিজ। তাঁদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে।এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়। এলাকাবাসী ঘটনাটি রামু থানায় জানায়। পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।সম্প্রতি গুজব ওঠে, ৩০০ গ্রাম বা তারও বেশি ওজনের একটি তক্ষক কোটি টাকায় বিক্রি হচ্ছে। তাই তক্ষক ধরার অভিযানে নেমেছে একটি চক্র।ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে জব্দ করা তক্ষকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা ওই তিন ব্যক্তিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।