পাঁচটি নতুন গণশৌচাগার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে গণশৌচাগারের ভেতরের চিত্র
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে গণশৌচাগারের ভেতরের চিত্র

ঢাকায় যে গণশৌচাগারগুলো রয়েছে, সেগুলোর অধিকাংশই এখন ব্যবহারের অনুপযোগী। এগুলো ইজারা দিয়ে সিটি করপোরেশনেরও তেমন লাভ হচ্ছে না। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নতুন গণশৌচাগার নির্মাণ এবং সেগুলো বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে।
সাধারণভাবে ঢাকার গণশৌচাগারের অবস্থা অত্যন্ত শোচনীয়। অথচ ইজারাদারেরা সেখানে ঘাঁটি গেড়ে আছেন। তাঁরা সেখান থেকে পানি বিক্রি করছেন। কোনো কোনো শৌচাগার থেকে বিদ্যুতের অবৈধ লাইনও দেওয়া হচ্ছে। অন্যদিকে ইজারাদারেরা পানি ও বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করছেন না। অভিযোগ আছে, ইজারাদারেরা শৌচাগার ব্যবহারকারীদের কাছ থেকে সিটি করপোরেশন নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায় করেন। অথচ এর সংস্কার ও পরিচ্ছন্নতার দিকে নজর দেন না।
ডিএনসিসির পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের ইজারা দিয়ে একটি গণশৌচাগার থেকে বছরে লাখ টাকার মতো আয় হয়। কিন্তু গাবতলীতে টার্মিনালে ডিএনসিসি ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত শৌচাগারটি থেকে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় হয়। আর সেখানকার পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নতমানের। তাই সিটি করপোরেশন নতুন নির্মিত শৌচাগারের ক্ষেত্রে প্রথাগত ইজারা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় পাঁচটি শৌচাগার নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ওয়াটারএইডের উদ্যোগে এসব শৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে নাবিস্কো হাজি মরণ আলী রোড ও সাতরাস্তায় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে শৌচাগারের নির্মাণকাজ শেষ পর্যায়ে। ২৬ মার্চ এ দুটি শৌচাগার উদ্বোধনের পরিকল্পনা আছে। এ ছাড়া মহাখালী ওয়াসা পাম্প, ফার্মগেট ইন্দিরা রোড ও তেজগাঁও ট্রাক টার্মিনালের ভেতরের শৌচাগারের নির্মাণকাজ চলছে। আরও পাঁচটির কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া চারটি ফিলিং স্টেশনেও ডিএনসিসির পক্ষ থেকে শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রগতি সরণির মেরুল বাড্ডায় অবস্থিত জামান ফিলিং স্টেশনে নির্মাণকাজ দ্রুতই শুরু হবে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনের নির্মাণাধীন শৌচাগারে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের কাজ চলছে। সাদা টাইলসের তৈরি মেঝে, ছাদে লাগানো এলইডি বাতি, আধুনিক স্যানিটারি সামগ্রী লাগানো হয়েছে। মনে হয় যেন বিলাসবহুল কোনো হোটেলের শৌচাগার। এই শৌচাগারে থাকবে যাত্রীদের ব্যাগ রাখার লকার এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গণশৌচাগার নির্মাণের কাজ ​প্রায় শেষ। গতকালের ছবি l প্রথম আলো
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গণশৌচাগার নির্মাণের কাজ ​প্রায় শেষ। গতকালের ছবি l প্রথম আলো

ঢাকার শৌচাগার সম্পর্কে সাম্প্রতিক কোনো সমীক্ষা নেই। ২০১০ সালে সেন্টার ফর আরবান স্টাডিজ ও ওয়াটারএইড যৌথ উদ্যোগে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গেছে, ঢাকায় প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের প্রয়োজন হয়। এর মধ্যে ভাসমান জনসংখ্যা পাঁচ লাখ, রিকশাচালক ১০ লাখ এবং অন্যান্য জীবিকার মানুষ ১০ লাখ। নিয়মিত পথচারী ২০ লাখ। ঢাকার বাইরে থেকে আসা পথচারী ১০ লাখ।
ওই সমীক্ষায় রাজধানীতে মোটামুটি ব্যবহারের উপযোগী গণশৌচাগার পাওয়া গিয়েছিল ৪৭টি। এর অধিকাংশই নারী ও প্রতিবন্ধীদের ব্যবহারের অনুপযোগী। এ ছাড়া শহরের ভাসমান জনগণ রাস্তার ধারে, পার্কে মলমূত্র ত্যাগ করেন। গত পাঁচ বছরে ব্যবহার উপযোগী এই শৌচাগারের সংখ্যা আরও কমেছে। অপরদিকে গণশৌচাগার ব্যবহার করা প্রয়োজন—এমন মানুষের সংখ্যা অনেক বেড়েছে।
পথচারী ও ভাসমান লোকজনের ব্যবহারের জন্য বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস (আরবান) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল টয়লেট বা ভ্রাম্যমাণ শৌচাগার বসিয়েছে। তাতেও নগরের যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ হয়নি। বরং নতুন নতুন স্থানে মূত্র ত্যাগ করা হচ্ছে। কিছু কিছু জায়গায় হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এ বছরের ডিসেম্বরের মধ্যে ১০০টি গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন।