পাঁচটি পদেই বিএনপিপন্থী শিক্ষকেরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পাঁচটি পদের নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকেরা সব কটি পদে জয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও বিএনপিপন্থী শিক্ষকদের ‘সোনালী দল’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। উপাচার্য অধ্যাপক রফিকুল হকের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৬৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।
একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক জানান, ফিন্যান্স কমিটির সদস্য হিসেবে ১৭১ ভোট পেয়ে কৃষি অনুষদের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাশেম ও আন্ত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য হিসেবে ১৬৮ ভোট পেয়ে ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম বিজয়ী হন।
বিশ্ববিদ্যালয় পরিষদের দুটি সদস্য পদে ১৪৯ ভোট পেয়ে কৃষি অনুষদের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক জি এম মুজিবর রহমান ও ১৬৩ ভোট পেয়ে পশুপালন অনুষদের পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাশেম জয়ী হন। ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটির সদস্য হিসেবে ১৫৬ ভোট পেয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম হারুন-অর-রশিদ বিজয়ী হন।
বেলা আড়াইটার দিকে উপাচার্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।