নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ পাঁচটি পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে বছরের প্রায় তিন মাস এখানে পাঠদান বন্ধ থাকে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, এই কলেজে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি, এইচএসসি, স্নাতক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৬৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। গত বছরের ১১ অক্টোবর কলেজটি সরকারি হয়। কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। বর্তমানে শিক্ষার্থী প্রায় সাড়ে তিন হাজার। এর মধ্যে ছাত্র প্রায় দুই হাজার এবং ছাত্রী প্রায় এক হাজার ৫০০।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসান আলী দেওয়ান বলেন, কলেজ পর্যায়ের তিনটি পাবলিক পরীক্ষা এখানে হয়। এ ছাড়া জেএসসি ও এসএসসি পরীক্ষাও এই কলেজে নেওয়া হচ্ছে। এসব পরীক্ষার সময় ক্লাস বন্ধ রাখতে হয়। তাই বছরের অধিকাংশ সময় ঠিকমতো শিক্ষার্থীদের ক্লাস হয় না।
কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিবছর তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি পাবলিক পরীক্ষা হয়। তাঁরা পরীক্ষার মাঝে মাঝে ক্লাস নেন। তবে পরীক্ষার কারণে প্রতিবছর প্রায় তিন মাস পাঠদান বন্ধ থাকে।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমী খানম বলেন, ‘সামনে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে এক মাসের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষার কারণে কলেজে ক্লাস বন্ধ থাকবে। এতে আমাদের চরম ক্ষতি হবে।’
একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী সজীব রহমান বলে, ‘বাধ্য হয়ে আমাদের প্রাইভেটনির্ভর হতে হয়। ফলে ঠিকমতো সব শিক্ষকের সান্নিধ্য পাচ্ছি না।’
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক জানান, এ অবস্থায় কোনোভাবেই কোর্স শেষ করা সম্ভব হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে প্রশাসন যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে কলেজ তাদের ক্ষতির বিষয়টি তুলে আপত্তি করলে বিকল্প চিন্তা করা হবে।