পাঁচটি পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব শর্ত সাপেক্ষে অনুমোদন
সরকারি খাতে মোট ৩৫০ মেগাওয়াট উত্পাদনক্ষমতার পাঁচটি পিকিং বিদ্যুৎকেন্দ্র (কেবল সর্বোচ্চ চাহিদার সময় চালানো হয়) স্থাপনের দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের আওতাধীন এই প্রকল্পগুলোতে ব্যয় হবে তিন হাজার ৩৪১ কোটি ৫২ লাখ টাকা। এই পাঁচটি কেন্দ্রই হবে ফার্নেস তেলচালিত।অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার এই প্রস্তাবগুলো অনুমোদন করলেও এগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এখনো অনুমোদিত হয়নি। এগুলোর জন্য অর্থ বরাদ্দও চূড়ান্ত করা নেই। তাই ক্রয় কমিটি একনেকের অনুমোদন নেওয়ার শর্ত সাপেক্ষে প্রস্তাবগুলো অনুমোদন করেছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. নূর-উর-রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সভায় বিদ্যুৎ প্রকল্প ছাড়া আরও তিনটি প্রকল্প অর্থাৎ মোট আটটি প্রকল্পের দরপত্র প্রস্তাবের অনুমোদন করা হয়। বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে দুটি ১০০ মেগাওয়াট করে আর বাকি তিনটি ৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে। সরকারি খাতে ‘৮৩০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আপাতত এই ৩৫০ মেগাওয়াটের দরপত্র প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলো হলো দোহাজারী ১০০ মেগাওয়াট, হাটহাজারী ১০০ মেগাওয়াট, ফরিদপুর ৫০ মেগাওয়াট, বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট ও দাউদকান্দি ৫০ মেগাওয়াট। দোহাজারী কেন্দ্রের জন্য চীনা কোম্পানি মেসার্স গুয়ানডনের প্রায় ৯৭১ কোটি ৭০ লাখ টাকার মূল্যায়িত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। একই কোম্পানির হাটহাজারী প্রকল্পের মূল্যায়িত দরপ্রস্তাব প্রায় ৯০৮ কোটি ৭৫ লাখ টাকা। ৩৮৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ের অনুমোদিত ফরিদপুর প্রকল্পের দরপ্রস্তাবটি যৌথভাবে কনসোর্টিয়াম অফ এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের। বাঘাবাড়ী প্রকল্পের জন্য প্রায় ৫০২ কোটি ৭২ লাখ টাকা মূল্যায়িত দরপ্রস্তাব অনুমোদন করা হয়েছে। দাউদকান্দি প্রকল্পের ব্যয় প্রায় ৫৭৪ কোটি ৮৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। এই দুটি প্রকল্পের দরপ্রস্তাবকারীই যৌথভাবে ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং গুয়ানডন। অন্য তিন প্রকল্প: সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মালদ্বীপ থেকে এক লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন এই প্রকল্পে ব্যয় হবে ৪৯৫ কোটি ৭৭ লাখ টাকা। মালদ্বীপস ন্যাশনাল অয়েল কোম্পানি লিমিটেডের (এমএনওসি) সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে। জ্বালানি তেল আসবে সিঅ্যান্ডএফ চট্টগ্রাম ভিত্তিতে এবং চলতি ২০১০ বছরের জানুয়ারি-জুন প্রান্তিকে।বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) থেকে ১৩১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ের এক কোটি ৯৯ লাখ পিস বস্তা কেনার প্রস্তাবেও গতকাল অনুমোদন দেওয়া হয়েছে। বিজেএমসি থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সরাসরি ক্রয়পদ্ধতির আওতায় এ বস্তা কিনতে পারবে।এ ছাড়া ‘পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান বিতরণব্যবস্থায় ১০ লাখ গ্রাহক সংযোগ বৃদ্ধি’ প্রকল্পের বিপরীতে এক লাখ পিস সিঙ্গেল ফেজ মিটার কেনার প্রস্তাবের ভূতাপেক্ষ অনুমোদন এবং দুই লাখ পিস সিঙ্গেল ফেজ মিটার ক্রয়ের পুনঃ দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের অধীন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এই প্রকল্পের আওতায় কংক্রিটের খুঁটি কেনাসংক্রান্ত আরেকটি দরপ্রস্তাব ফেরত পাঠানো হয়েছে।