পাঁচটি প্রদর্শনী ম্যাচ খেলে ফিরে গেল ভারতীয় ফুটবল দল
বাংলাদেশে পাঁচটি প্রদর্শনী ম্যাচ খেলে ভারতে ফিরে গেলেন মালদা সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা। গত মঙ্গলবার তাঁরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান। এ সময় বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক আনোয়ারুল করিমসহ অন্যরা তাঁদের বিদায় জানান।
মালদা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক উত্তম বসাকের নেতৃত্বে ২৩ সদস্যের দলটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ এসেছিল। আনোয়ারুল করিম দুলাল বলেন, বাংলাদেশে সাত দিন অবস্থানকালে মালদা সোনালী অতীত ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা বগুড়ায় দুটি, ঢাকায় একটি ও চট্টগ্রামে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেন।
সর্বশেষ গত সোমবার বগুড়ায় বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম মালদা সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে তাঁরা এক গোলে বগুড়ার কাছে হেরে যান।
উত্তম বসাক বলেন, এসব ম্যাচ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব ও সেতুবন্ধন সুদৃঢ় করেছে। হার-জিত বড় কথা নয়। খেলার মাঠে বাংলাদেশের মানুষের কাছে তাঁরা অনেক ভালোবাসা পেয়েছেন।