চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পুনর্বাসন প্রকল্প এলাকার পাঁচটি প্লট দখল করে রেখেছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি সেখানে ‘প্রত্যাশা প্রবীণনিবাস’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।
তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শুলকবহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদ ইউনিট শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন। সাইনবোর্ডে তিনি প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে।
চট্টগ্রাম নগরের ষোলশহরের তুলাতুলি এলাকায় চউকের ‘ষোলশহর পুনর্বাসন প্রকল্প’ অবস্থিত। পাঁচটি প্লটের প্রতিটির আয়তন দুই কাঠা করে। প্লটগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
মোহাম্মদ হোসাইন প্রবীণনিবাসের নামে জায়গা দখল করলেও সেখানে বেড়ার তৈরি পাঁচটি ও একটি সেমিপাকা ঘর নির্মাণ করেছেন। প্রবীণদের পরিবর্তে স্বল্প আয়ের মানুষকে এসব ঘর ভাড়া দিয়েছেন।
চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘চউকের এই পুনর্বাসন এলাকায় প্রবীণনিবাস করার জন্য কাউকে কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। জনকল্যাণ করতে হলে নিয়ম মেনে করতে হবে। অনিয়মের মাধ্যমে কোনো জনকল্যাণের পরিকল্পনা নেওয়া হলে তা হবে প্রতারণার শামিল।’
তবে এই জায়গা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘জনস্বার্থে এই এলাকায় একটি প্রবীণনিবাস করা হচ্ছে। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এর প্রতিষ্ঠাতা। করপোরেশনের টাকায় প্রবীণনিবাসের সীমানাপ্রাচীর ও মাটি ভরাট করা হয়েছে।’
মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার নামে কে কোথায় কী করছে, আমি জানি না। আর প্রবীণনিবাসের বিষয়টি আমার মাথায় নেই।’
চউকের নথিপত্র অনুযায়ী, প্রকল্প এলাকার ৮-ব্লকের ৮/১ নম্বর প্লট বরাদ্দ দেওয়া হয়েছে মো. নুরুল ইসলাম গংকে। ৮/২ নম্বর প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ফজল আহাম্মদ ও শের আহাম্মদকে। ৮/৩ নম্বর প্লটটি নুর আলী ও শওকত আলীকে বরাদ্দ দেওয়া হয়। ৮/৪ নম্বর প্লট বরাদ্দ দেওয়া হয় মোহাম্মদ শফি ও কবির আহাম্মদকে। ৮/৫ নম্বর প্লট দেওয়া হয়েছে পাকিজা খাতুন ও রমিজা খাতুনকে। ২০০৯ সালের ১৯ মার্চ তাঁদের চউক সচিব সই করা প্লট বরাদ্দের চিঠি দেওয়া হয়।
এদিকে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক এ টি এম কামরুদ্দিন চৌধুরী ৮/১ নম্বর প্লট ছাড়া অন্য প্লটগুলো কিনে নিয়েছেন। তিনি বলেন, ‘মোহাম্মদ হোসাইন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নাম ভাঙিয়ে প্লটগুলো দখল করে রেখেছেন। ওখানে গেলে তিনি ও তাঁর লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। প্লট বুঝে না পাওয়ার বিষয়টি চউককে অবহিত করেছি।’
এ টি এম কামরুদ্দিন চৌধুরী বলেন, নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে থানায় মামলার করার পরামর্শ দিয়েছেন।
গত ১৪ জানুয়ারি মোহাম্মদ হোসাইন চউক সচিবকে একটি চিঠি দেন। পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, এসব প্লট বরাদ্দে দুর্নীতি হয়েছে। তাই বরাদ্দপ্রাপ্তদের জমির দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ ছাড়া, ওই এলাকায় সিটি করপোরেশন একটি প্রবীণনিবাস করার উদ্যোগ নিয়েছে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এর উন্নয়নে ৩০ লাখ টাকা ব্যয় করেছে করপোরেশন।
তবে চউকের আইনি উপদেষ্টা সাইফুদ্দিন মাহমুদ তদন্ত করে এসব অভিযোগের কোনো সত্যতা পাননি। তিনি দলিল নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেন।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আবু সিদ্দিক অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাটি ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়।
প্লটগুলোর মালিকানা সম্পর্কে জানতে চাইলে আবু সিদ্দিক বলেন, ‘করপোরেশনের সম্পত্তি বিভাগ ও মোহাম্মদ হোসাইন সাহেব এটি ভালো বলতে পারবেন।’
তবে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘ওই এলাকায় আমাদের নিজস্ব কোনো জায়গা নেই।’
সরেজমিনে দেখা গেছে, পুরো এলাকাটি কয়েক ফুট উঁচু ইটের তৈরি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। এর ভেতর পাঁচটি কাঁচা ঘর ও একটি সেমিপাকা ঘর রয়েছে। কাঁচা ঘরগুলোতে কুমিল্লা ও নোয়াখালী থেকে আসা পাঁচটি পরিবার প্রায় তিন বছর ধরে বসবাস করছেন।
তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা ঘরগুলোর মধ্যে তিনটি থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা ও দুটি থেকে এক হাজার ৭০০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া সেমিপাকা ঘর থেকে ভাড়া আদায় করা হয় আড়াই হাজার টাকা।
ভাড়াটেদের কয়েকজন জানান, তাঁরা এসব ঘর ভাড়া নিয়েছেন মোহাম্মদ হোসাইনের কাছ থেকে। এ জন্য প্রতি মাসে তাঁকে ভাড়া দেন।