পাঁচটি বিদ্যালয় প্লাবিত শিক্ষা কার্যক্রম ব্যাহত

পদ্মার পানিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। ১৫-২০ দিন ধরে এ অবস্থা চলছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, লস্করদিয়া বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম উচ্চবিদ্যালয়, কৃষ্ণনগর আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে প্লাবিত হয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি মাড়িয়ে উপস্থিত হচ্ছে। অনেক বিদ্যালয়ের শিক্ষকেরা নৌকা অথবা কলাগাছের ভেলায় করে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে চারজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীসংখ্যা ৩৪৬ জন। কিছুদিন পরেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। তাই ক্লাস বন্ধ রাখা যাচ্ছে না। বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি থাকায় বিদ্যালয়ের পাশের লাল মিয়ার বাড়ির উঠানে ক্লাস নিতে হচ্ছে। রোদের মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে।
কৃষ্ণনগর আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি খোলা হয়েছে। এতে শিক্ষার্থী আছে ১২০ জন। ১০ দিন ধরে তাঁর বাড়ির উঠানে শ্রেণিপাঠ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেই দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করে গেছেন।
এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস আলী শেখ বলেন, মাস খানেক ধরে বিদ্যালয়ের মাঠ প্লাবিত। প্রথমে ভেলায় করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আসত। কিন্তু এক দিন দুজন শিক্ষার্থী পানিতে পড়ে যাওয়ার পর থেকে বিদ্যালয়ে ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের চারদিকে পানি থাকায় খুব দুশ্চিন্তায় আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’ সম্প্রতি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা খানম জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তিনি বলেন, ‘আমার জানামতে, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে। বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হয়েছে।’