নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও অবকাঠামো মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুচ্ছগ্রামে, স্থানীয় লোকজনের বাড়ির উঠানে, ছাপরাঘর তুলে বা খোলা জায়গায় পড়ানো হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
নদীতে বিলীন হওয়া বিদ্যালয় ভবনগুলো হলো লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালনগর ইউনিয়নের নওখোলা, আজমপুর ও শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোটাকোল ইউনিয়নের টি-করগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত দুই বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটাকোল ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ গত আগস্টে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন, মাঠ ও নলকূপ নদীতে বিলীন হয়। এরপর কয়েক দিন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরে নদীর তীরেই স্থানীয় ব্যক্তিদের সহায়তায় একটি ছাপরাঘর তুলে সেখানে পড়ানো হচ্ছে। কিন্তু প্রায় দুই শ শিক্ষার্থীকে এখানে বসানোর জায়গায় না থাকায় কখনো কখনো নদীর পাশেই খোলা জায়গায় পাঠ দেওয়া হয়।
গত রোববার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাদাগাদি করে শিক্ষার্থীদের বসিয়ে ছাপরাঘরে চারজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। আবার কখনো বসার জায়গা না থাকলে শিক্ষার্থীদের ছাপরার বাইরে নিয়ে দাঁড় করিয়ে বা বসিয়ে পড়ানো হচ্ছে। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নদী, সুমাইয়া, এহসান, রিতু ও জান্নাতি জানায়, এভাবে বসে বা রোদে দাঁড়িয়ে পড়ালেখা করতে তাদের খুব কষ্ট হয়। এ জন্য তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।
তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন বলেন, ‘আলমারি, খাতাপত্র, পাঠদানের উপকরণ অন্যের বাড়িতে রাখা হয়েছে। দ্রুত ভবন নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’
নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও অবকাঠামো ২০১৪ সালের জুলাই মাসে নদীতে বিলীন হয়। তখন থেকেই বিদ্যালয়টির কার্যক্রম চলছে ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজা মিয়ার বাড়িতে। সেখানে গত শনিবার গিয়ে দেখা যায়, একটি ছাপরাঘরে গাদাগাদি করে বসিয়েও শিক্ষার্থীদের জায়গা না হওয়ায় বাড়ির উঠানে ক্লাস নেওয়া হচ্ছে।
সহকারী শিক্ষক সাজেদা খানম বলেন, ‘এভাবে মনোযোগ নষ্ট হয়। শিক্ষা উপকরণ ব্যবহার করা যায় না। বৃষ্টির সময় ঘরে পানি আসে। রোদে বসতে হয়।’ প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘সভাপতি বিদ্যালয় ভবন তৈরির জন্য আমাদের জমি দান করেছেন। কিন্তু ভবনের কোনো খবর নাই।’
২০১৪ সালের আগস্টে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন হয়। এই বিদ্যালয়ের কার্যক্রম চলছে পাশের শিয়রবর গুচ্ছগ্রামে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘এখানকার পরিবেশে আমাদের শিক্ষার মান কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয়।’
শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বিশ্বাস বলেন, ২০১৩ সালে নদীতে বিদ্যালয় বিলীন হওয়ার পর এক বছর ধরে শিয়রবর বাজারের গুদামঘরে, তরকারিপট্টির চালার নিচে ক্লাস নেওয়া হয়েছে। সেগুলোও নদীতে বিলীন হওয়ার পর বর্তমানে শিয়রবর আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাপরাঘর তুলে কোনোমতে শিক্ষা কার্যক্রম চলছে।
টি-করগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান বলেন, এ বছর জুলাই মাসে বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন হয়েছে। প্রায় তিন শ শিক্ষার্থীর ক্লাস নেওয়ার জন্য পাশেই ছোট একটি ঘর তোলা হয়েছে। সেখানে কোনোরকমে শিক্ষা কার্যক্রম চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, সরকারি ভবন নির্মাণের জন্য ৩৩ শতাংশ জমির প্রয়োজন, সেটি যেকোনো ব্যক্তিকে বিদ্যালয়ের নামে দান করতে হবে। এরপরই ভবন হবে। সে ক্ষেত্রে শিয়রবর বিদ্যালয়ের জন্য এখনো জমি পাওয়া যায়নি। অন্য বিদ্যালয়গুলোর আধাপাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ প্রক্রিয়াধীন।