লক্ষ্মীপুর জেলার রায়পুর সরকারি ডিগ্রি কলেজের পাঁচটি বিষয়ের সাতটি শিক্ষকের পদে একজনও নেই। বিষয়গুলো হলো: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, দর্শন, রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান।জানা গেছে, রায়পুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি ও স্নাতকে মোট ৯০০ জন শিক্ষার্থী রয়েছে। কলেজে ১৯ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র নয়জন। এর মধ্যে উল্লিখিত পাঁচটি বিষয়ে কোনো শিক্ষক নেই। দুই বছর থেকে পাঁচ বছর ধরে এ পদগুলো শূন্য রয়েছে। এ ছাড়া ইংরেজি, অর্থনীতি ও হিসাব বিজ্ঞানে একজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষক চেয়ে অন্তত ৫০টি আবেদন করেছে। এরপরও কোনো শিক্ষক পাওয়া যায়নি। সর্বশেষ অধ্যক্ষ ১০ সেপ্টেম্বর কলেজের শূন্য পদের কথা জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি আবেদন পাঠান। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. রাসেল বলেন, ‘তিন বছর ধরে ইসলামের ইতিহাস বিষয়ে শিক্ষক নেই। পাঠদান হচ্ছে না। আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।’ স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী পারুল বেগম বলেন, ‘খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কলেজে ভর্তি হয়ে আমাদের জীবনটা এখন ডুবো ডুবো অবস্থা। আমরা এখন কূল পাচ্ছি না।’ অধ্যক্ষ মো. সফিক উদ্দিন বলেন, ‘কলেজটিকে চারদিক থেকে অন্ধকার ঘিরে ফেলছে। শিক্ষার্থীদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়। শিক্ষক সংকটের কারণে আমি তাদের আশানুরূপ কিছু দিতে পারছি না।’