প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পঞ্চগড় সরকারি মকবুলার রহমান (এমআর) কলেজে পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৪ মে এসব বিষয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়টির অনুমোদন দিয়েছে। গত বুধবার এ-সংক্রান্ত চিঠি কলেজে পৌঁছায়।প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বুধবার এ ঘটনা জানতে পেরে খুশিতে তাঁরা মিষ্টি বিতরণ করেন।গত ৩১ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এম আর সরকারি কলেজে স্নাতকোত্তর কোর্স এবং সরকারি মহিলা কলেজে শিক্ষকের নতুন পদ সৃষ্টিসহ অনার্স কোর্স চালুর দাবি জানান। প্রধানমন্ত্রী এ সময় অবিলম্বে এসব দাবি পূরণের আশ্বাস দেন। কলেজের উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, গত ৪ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (কলেজ) স্বাক্ষরিত এক চিঠিতে কলেজে পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু ও চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়। তাঁরা গতকাল বৃহস্পতিবার স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করেছেন।