পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যবসায়িক বিরোধের জের ধরে উপজেলা সদরের পাঁচটি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আশুগঞ্জের জিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা নগদ টাকা লুটে নেওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, সকালে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল জিওসি ঘাটের ব্যবসায়িক প্রতিষ্ঠান মাইজ ভান্ডার কনস্ট্রাকশন, আবির ট্রেডার্স, এলিগ্যান্টস ট্রেডিং করপোরেশন, মেঘনা ব্রিকস ও মিজান খান অ্যান্ড সন্সে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালানোর সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
আশুগঞ্জের সোহাগপুর গ্রামের আবিরহাটির বাবুল আহম্মেদ জানান, তাঁদের প্রতিষ্ঠান সম্প্রতি একটি বিদ্যুৎকেন্দ্রের লোকবল সরবরাহের কাজ পান। এতে ক্ষিপ্ত হন কাজ না পাওয়া নাগরপাড়ার খোরশেদ আলম ও তাঁর লোকজন। এরই জের ধরে জিওসি ঘাট এলাকার তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় নগদ হামলাকারীরা পাঁচটি প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়।
অভিযোগ অস্বীকার করে খোরশেদ আলম বলেন, ‘এর সঙ্গে আমি জড়িত নই। এলাকার বিক্ষুব্ধ শ্রমিক ও সাধারণ মানুষ এ হামলা চালিয়েছে। কেননা, বিদ্যুৎকেন্দ্রে নিজ এলাকার লোক না নিয়ে বাইরের লোক নেওয়া হচ্ছে।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, বিদ্যুৎকেন্দ্রের কাজ না পাওয়াকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন একটি পক্ষের ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।