ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দায়ের করা পৃথক পাঁচটি রিটই গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে আর কোনো বাধা থাকছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তিন দিন উভয় পক্ষের শুনানি শেষে গতকাল বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নির্বাচনসংক্রান্ত সুপ্রিম কোর্টের ইতিপূর্বের মামলার রায়ের নজির তুলে ধরে আদালত বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ের সঙ্গে ঘটনার প্রশ্ন জড়িত। ঘটনার প্রশ্ন, রিট এখতিয়ারে মীমাংসা করা যায় না। এ ছাড়া আইনগতভাবে কোনো ভুল করা না হলে এবং বেআইনি কাজ করা না হলে রিট এখতিয়ারে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যায় না। তাই রিটগুলো খারিজ করা হলো।সীমানা পুনর্নির্ধারণ চলমান প্রক্রিয়া—এ অভিমত দিয়ে আদালত বলেন, খুঁটিনাটি কাজগুলো সম্পন্ন করে অচিরেই মেয়াদোত্তীর্ণ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য উদ্ধৃত করে আদালত আরও বলেন, নির্বাচন বিলম্বিত হোক, এটা কোনো পক্ষই চায় না।রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে রিটগুলো করা হয়েছিল। এ বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেননি। তিনটি যুক্তিতে আদালত রিটগুলো খারিজ করে দিয়েছেন। এ ছাড়া তফসিল ঘোষণার ওপর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয়নি। ফলে নির্বাচনের তফসিল ঘোষণা ও সীমানা পুনর্নির্ধারণে আর কোনো আইনগত বাধা নেই।রিট আবেদনকারী সাজ্জাদ হোসেনের কৌঁসুলি এম আমীর উল ইসলাম প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে এবং আবেদনকারীর সঙ্গে আলোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিকও নির্বাচনে আর কোনো বাধা নেই উল্লেখ করে প্রথম আলোকে বলেন, নির্বাচন ও সীমানা পুনর্নির্ধারণ-প্রক্রিয়া চলছে। নতুন মৌজাগুলো অধিকাংশ ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিগুলো অচিরেই করা হবে।আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, রফিক উল হক ও মাহবুবুর রহমান মামলা পরিচালনা করেন।উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণের পর তফসিল ঘোষণার নির্দেশনা চেয়ে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে রাজধানীর পল্লবীর ভোটার সাজ্জাদ হোসেন রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ তফসিল ঘোষণার ওপর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। পাশাপাশি ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণের পরই কেবল তফসিল ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকার ও নির্বাচন কমিশনের ওপর রুল জারি করেন। এ ছাড়া ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও সম্ভাব্য প্রার্থী আবদুল কুদ্দুস, শামীম মোল্লা, সৈয়দ মো. মহিউদ্দিন ও বাবুল শেখও হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। ২৩ ফেব্রুয়ারি থেকে রুলের ওপর উভয় পক্ষের বক্তব্য শুনানির পর গতকাল আদালত রায় দেন।