পাঁচটি রোগনির্ণয় কেন্দ্র ও ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও প্যাথলজি পরীক্ষায় অদক্ষ জনবল নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার দুটি রোগনির্ণয় কেন্দ্রকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিক্রি নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় তিনটি ওষুধের দোকানকে সোয়া ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার আগ্রাবাদ এক্সেস রোড ও কদমতলী এলাকায় এ অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক নুরুল হায়দার ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
র্যাব সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও প্যাথলজি পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান দিয়ে স্বাক্ষর করায় আগ্রাবাদ এক্সেস রোডের অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে কদমতলী এলাকার শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিককে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও প্যাথলজিতে ন্যূনতম দক্ষতা নেই এমন লোকজনকে দিয়ে পরীক্ষার কাজ করানোয় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার সাইক মেডিকেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ও গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি করার দায়ে ২ লাখ টাকা, এম এন সন্স ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য ১ লাখ টাকা ও এক্সেস রোডের হেভেন ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দুটি রোগনির্ণয় কেন্দ্রতেই নষ্ট ও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। শাহজালাল ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের প্যাথলজিতে যাঁরা কাজ করছেন, তাঁদের কারোরই সে সংক্রান্ত কোনো ধরনের যোগ্যতা নেই। বিভিন্ন ধরনের অনিয়মের জন্য দুটি রোগনির্ণয় কেন্দ্র ও তিনটি ফার্মেসিকে মোট পৌনে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।