পাঁচটি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, চাঁদপুর, দাউদকান্দি, পাকুন্দিয়া ও ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘন কুয়াশার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালকের সহযোগী রাশেদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সহযোগী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর থেকে দুটি ট্রাকের চালকই পলাতক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।
সরাইল: হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়ায় গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে একটি মালবাহী ট্রাক মহাসড়কের বৈশামুড়া এলাকায় বিকল হয়ে পড়ে। সকাল সাড়ে আটটার দিকে ঘন কুয়াশায় মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী অপর একটি ইটবোঝাই ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকে ইটের ওপর বসা শ্রমিক আবদুর রাশেদ (২০) ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরেক শ্রমিক।
দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান গতকাল মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই চালক আলী আজম মুন্সী (২৯) নিহত হন। ইলিয়টগঞ্জ সড়ক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটিতে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিগাঁও গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে মনির হোসেন (৩৫) ও কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের সম্ভু চরণ তালুকদারের ছেলে সমীর চরণ তালুকদার (২৮)। আহত ব্যক্তিরা কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
ময়মনসিংহ: ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার মনির ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মনির উপজেলার গোয়ারী গ্রামের প্রবাসী মুশিক ফকিরের ছেলে। গতকাল ভোরে উপজেলার রান্ধিয়া গ্রাম থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে সদরের দিকে যাওয়ার সময় গোয়ারী চকিদারপাড়া এলাকায় ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই মনির নিহত হন।
চাঁদপুরে শিক্ষক গুরুতর আহত: শহরের ষোলঘর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গত সোমবার বিকেলে শিক্ষক নাসরিন আক্তার (৩৭) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। নাসরিন ১০৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিক।