পাঁচটি স্থানের বেড়া ও সুতিজাল উচ্ছেদ
অবশেষে আত্রাই নদ ও চলনবিলের পাঁচটি স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের পাতা অবৈধ বাঁশের বেড়া ও সুতিজাল উচ্ছেদ করা হয়েছে। গত শনিবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমেই খুবজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরমান আলী, আওয়ামী লীগের নেতা রওশন আলী, আফজাল মেম্বার, আক্কাছ আলী ও ছাত্রলীগের নেতা ফিরোজ আহম্মদের সুতিজাল উচ্ছেদ করা হয়।
গত শুক্রবার প্রথম আলোয় ‘দফায় দফায় উচ্ছেদ তবুও...’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এরপর প্রশাসন শনিবার আবারও উচ্ছেদ অভিযানে নামে।
সহকারী কমিশনার বলেন, পুলিশের সহায়তায় নৌকায় করে ৩০-৩৫ জন শ্রমিক একে একে সুতিজালগুলো উচ্ছেদ করেন। শ্রমিকেরা হাঁসুয়া-দা দিয়ে বেড়া কেটে এবং বাঁশ তুলে চলনবিলে ভাসিয়ে দেন। তবে সুতিজালসহ বেশ কিছু উপকরণ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়েই অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।
ওই কর্মকর্তা আরও বলেন, মূলত চলনবিলে সুতিজাল পেতে লাখ লাখ টাকার মাছ ধরে আর্থিক সুবিধা নিতে এসব ব্যক্তি পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে মাছ ধরছেন। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নেতাদের তিন দফায় ১৪টি সুতিজাল উচ্ছেদ করা হলেও আবারও তাঁরা দলীয় দাপটে একই পন্থায় মাছ শিকার করছেন।
ফলে চলনবিলের নাটোরের সিংড়া ও গুরুদাসপুর, সিরাজগঞ্জের তাড়াশ এবং নওগাঁর আত্রাই উপজেলা এলাকার প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সরিষা, গম, ভুট্টা ও রসুন আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।