পাঁচটি স্বয়ংক্রিয় ইটভাটায় গ্যাস সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাঁচটি স্বয়ংক্রিয় ইটভাটায় গ্যাস-সংযোগ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। গত বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে পেট্রোবাংলার কর্মকর্তারা চট্টগ্রামে ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস দেন। ওই দিন বিকেলেই পাঁচ ইটভাটায় গ্যাস-সংযোগ বন্ধ করে দেয় কেজিডিসিএল। যেসব ইটের কারখানার সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ফখরি ব্রিকস, মোস্তফা হাকিম ব্রিকস, বেঙ্গল ব্রিকস, মেপকো ব্রিকস ও টিকে ব্রিকস। সংযোগ বিচ্ছিন্ন করার সত্যতা স্বীকার করে কেজিডিসিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা থেকে দেড় লাখ টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য কিছু কারখানায় সাময়িকভাবে গ্যাস-সংযোগ বন্ধ করে দিতে হচ্ছে। প্রয়োজনে আরও কিছু কারখানার সংযোগ বন্ধ করা হবে।’ চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম সরকারের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, শুকনো মৌসুমের শুরুতে নগরের সড়ক মেরামত ও সংস্কারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি ইট খুব বেশি দরকার। কারণ এসব ইট সিলেটি পাথরের বিকল্প হিসেবে ব্যবহূত হয়। এসব ইট তৈরি কারখানায় গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এ সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার জন্য তিনি পেট্রোবাংলার প্রতি আহ্বান জানান। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মো. মোবিরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘খাদ্যনিরাপত্তার জন্য সারের কোনো বিকল্প নেই। এ জন্য আমরা কিছু শিল্প-কারখানার গ্যাস-সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পর্যায়ে ইট তৈরির কারখানাগুলোর সংযোগ বন্ধ করা হয়েছে। এর পরও সার কারখানা চালু করতে গ্যাসের সংকট থাকলে তা পরে চিন্তা করা হবে।’ পেট্রোবাংলার পরিচালক মোল্লা মো. মোবিরুল হোসেন বলেন, ‘রাউজান তাপবিদ্যুৎ বন্ধ না হলে সিইউএফএল চালুর জন্য গ্যাস পাওয়া যাবে না। এটা পিডিবিকে মেনে নিতে হবে। কারণ এটা সরকারি সিদ্ধান্ত।’