পাঁচটি সড়কের ৬০০ মিটার কীর্তিনাশায় বিলীন

কীর্তিনাশা নদীতে পানি বাড়ায় শরীয়তপুর সদর উপজেলার পাঁচটি এলাকায় ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার পাঁচটি সড়কের প্রায় ৬০০ মিটার গত এক মাসে নদীতে বিলীন হয়ে গেছে। ২০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়িসহ আশপাশের এলাকা।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কীর্তিনাশা নদীটি শরীয়তপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বাড়ায় নদীর সদর উপজেলার দাদপুর থেকে মুন্সিরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় পাঁচটি স্থানে গত জুলাই মাসের গোড়ার দিকে ভাঙন শুরু হয়। ওই স্থানগুলোতে পাঁচটি সড়ক রয়েছে। এর মধ্যে আংগারিয়া-চন্দ্রপুর সড়কের উপরগাঁও এলাকায় ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। সড়কটি আরও ভাঙনের ঝুঁকিতে আছে। তুলাসার-রঙ্গের বাজার সড়কের আড়িগাঁও এলাকায় ১৫০ মিটার ভেঙে গেছে। ডোমসার-আড়িগাঁও সড়কের মুন্সিরহাট এলাকায় ১০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। আংগারিয়া-দড়িচর-দাদপুর সড়কের দড়িচর এলাকায় ৫০ মিটার সড়ক নদীগর্ভে চলে গেছে। পালং-গয়াতলা সড়কের মুন্সিরহাট এলাকায় ২০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে।
উপরগাঁও এলাকার মান্নান দেওয়ান ও আবুল কালাম আজাদ বলেন, চার বছর ধরে এ এলাকায় নদীভাঙন চলছে। আগে সড়ক থেকে ৩০০ মিটার দূরে নদী ছিল। ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ দেওয়া হলে এখন আর সড়কটি ভাঙত না। এখন এ সড়ক দিয়ে যানবাহন যেতে পারে না। এখানকার বসতবাড়িও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
আড়িগাঁও গ্রামের লোকমান হোসেন ও হানিফ মিয়া বলেন, তিন বছর ধরে আড়িগাঁও এলাকায় ভাঙন চলছে। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। এখনই ভাঙন বন্ধ করা না হলে সড়কটি ভেঙে পাশের গ্রামগুলোয় পানি ঢুকে বন্যা হবে।
স্থানীয় তুলাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, ‘আমার এলাকার তিনটি স্থানে কীর্তিনাশা নদীর ভাঙন দেখা দিয়েছে। তিনটি সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙনের স্থানগুলোতে বাঁধ দিয়ে সড়ক রক্ষা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও পাউবোকে অনুরোধ করা হয়েছে।’
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এ কে এম এনামুল হক বলেন, কীর্তিনাশা নদীর ভাঙন রোধ করার জন্য ১৭ কেটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পেলে আড়িগাঁও-ডোমসার সড়কের মুন্সিরহাট এলাকায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ভাঙনকবলিত অন্য স্থানগুলোতে তিন বছরের মধ্যে বাঁধ নির্মাণ করা হবে।