বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত টেংরাগিরি বনের সোনাকাটা ইকো পার্কের পাঁচটি হরিণ ১৬ দিনেও উদ্ধার হয়নি। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, হরিণগুলো গহিন অরণ্যে ঢুকে নিরাপদেই আছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাকাটা ইকো পার্কে ১৩টি হরিণ ছিল। ইকো পার্কের বেষ্টনীর মধ্যে এসব হরিণ বিচরণ করত। কিন্তু ১২ আগস্ট প্রবল বর্ষণ এবং অধিক উচ্চতার জোয়ারের কারণে হরিণের বেষ্টনীর দক্ষিণ-পূর্ব কোণের প্রায় ২০০ ফুট দেয়াল ধসে পড়ে। ওই অংশ দিয়ে ৭টি হরিণ বেরিয়ে যায়। পরের দিন সকালে খাবার দিতে গিয়ে বন বিভাগের লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর ১৬ আগস্ট দুটি হরিণ গহিন বন থেকে উদ্ধার করা হয়। কিন্তু পাঁচটির কোনো সন্ধান মেলেনি।
পটুয়াখালী বিভাগীয় বন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘ইকো-ট্যুরিজমের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচির আওতায় বন ও পরিবেশ মন্ত্রণালয় সুন্দরবনের পর টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের সকিনা বিটে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সোনাকাটা ইকো পার্ক নির্মাণ করে। ১৩ হাজার ৬৩৪ একর জমির ওপর উপকূলীয় এই বনাঞ্চল। শীত মৌসুমে সড়ক ও নৌপথে ভ্রমণে আসা পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে এই পার্ক। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ভ্রমণ ও বনভোজন করার জন্য এখানে আসেন শত শত পর্যটক।
বনের ভেতরে বিভিন্ন প্রাণী সংরক্ষণের জন্য ইটের প্রাচীর ও লোহার গ্রিল দিয়ে সীমানাপ্রাচীর দেওয়া হয়। এই প্রাচীরের ভেতর চিতা বাঘ, হরিণ, সজারু, শূকর, অজগর, কুমির, বানরসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী অবমুক্ত করা হয়। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করায় পার্কটি বেহাল হয়ে পড়ে।
তালতলী থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পর্যন্ত এই বনের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। টেংরাগিরি বনাঞ্চলের নামকরণ হয় ১৯৬৭ সালে।
টেংরাগিরি বনাঞ্চলের ফকিরহাট বিটের বন কর্মকর্তা জাহিদ প্রামাণিক বলেন, ‘হরিণগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, দুটি উদ্ধার করতে পারলেও বাকি পাঁচটি উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের ধারণা, গহিন বনের মধ্যে হরিণগুলো নিরাপদেই আছে।’
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘সাময়িকভাবে ধসে পড়া প্রাচীর মেরামত করা হয়েছে। স্থায়ীভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি।’