পাঁচটি ‘বোমা মেশিন’ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা, সানিয়াজান ও শিঙ্গিমারী নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করায় গতকাল সোমবার নিষিদ্ধ পাঁচটি ‘বোমা’মেশিন’ জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় মেশিনের মালিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। গত ৩১ মার্চ প্রথম আলোর শেষ পাতায় ‘অবৈধভাবে পাথর তোলায় উত্তরের তিন নদী মৃতপ্রায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ ও মো. নাদিম সারওয়ারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পাটগ্রামের ধরলা নদীর বুড়িমারী ও কাউয়ামারী এলাকায় অভিযান চালান। তাঁরা চালু অবস্থায় পাঁচটি মেশিন জব্দ করে পুলিশ দিয়ে ধ্বংস করান। এদিকে ওই অভিযান শুরুর পরপর পাটগ্রামজুড়ে তোলপাড় শুরু হয়। অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকে মোটরসাইকেল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বহনকারী গাড়ির পিছু ছুটতে দেখা যায়। কেউ কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জটলা করেন। পাটগ্রামের ইউএনও আবু হায়াৎ মোহাম্মদ রহমতুল্লা বলেন, ‘ধরলা, সানিয়াজান ও শিঙ্গিমারী নদীর তীরে বসানো ‘বোমা’ মেশিনগুলোর কোনো অনুমতি নেই। এসব অবৈধ মেশিন উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।’