পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের নয়টি পৌরসভায় গতকাল রোববার ভোট হয়েছে। এর পাঁচটিতে হেরেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা। দলটির প্রার্থীরা জিতেছেন রংপুরের পীরগঞ্জ, পাবনার বেড়া, পটুয়াখালীর গলাচিপা ও টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায়।
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির প্রার্থী এবং নড়াইলের লোহাগড়া, শরীয়তপুরের নড়িয়া, নীলফামারীর ডোমার ও বগুড়ার সোনাতলায় স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
আটটি পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শুধু পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ভোটকেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, গতকালের ফলাফল থেকে প্রাথমিকভাবে ধারণা করা যায়, একদিকে যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে পারেনি সরকারি দল, অন্যদিকে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে। এ জন্য বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বেশি জিতেছেন।
নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা:
লোহাগড়া (নড়াইল): লোহাগড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির মনোনীত প্রার্থী লিপি খানম পেয়েছেন ৪ হাজার ৪২৫ ভোট।
লিপি খানমের সমর্থকেরা লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি ভোটকক্ষে (বুথ) ঢুকে ১৫টি ব্যালটে সিল মারেন। নির্বাহী হাকিমের নির্দেশে পরে সেগুলো বাতিল করা হয়। আর ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে দুটি কেন্দ্র থেকে লিপি খানমের দুই এজেন্টকে আটক করা হয়।
শরীয়তপুর: জেলার নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম (বাবু) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ২৫৩ ভোট। মাহামুদুল হাসান ৪ হাজার ৪১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৯৩ ভোট।
টাঙ্গাইল: জেলার ঘাটাইল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শহিদুজ্জামান খান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৯১৪ ভোট। বিএনপির ফারুক হোসেন ৪ হাজার ৭৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৭১৪ ভোট। তিনি টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার সমর্থিত প্রার্থী।
রংপুর: জেলার পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মো. তাজিমুল ইসলাম (শামীম) মেয়র পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৭১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সায়দুর রহমান পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট। বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম (সেবু) পেয়েছেন মাত্র ১৫১ ভোট। এ ছাড়া নাগরিক কমিটির প্রার্থী আইনজীবী কাজী লুমুম্বা পেয়েছেন ১ হাজার ১৬৯ ভোট।
বিরামপুর (দিনাজপুর): জেলার ঘোড়াঘাট পৌরসভায় বিএনপি-মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবদুস ছাত্তার মিলন জয়লাভ করেছেন। তিনি ৪ হাজার ১১০ ভোট পেয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ৩ হাজার ৮২৭ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুছ আলী ৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বেড়া (পাবনা): বেড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবদুল বাতেন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৮০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল পেয়েছেন ৮ হাজার ৪২৩ ভোট।
এদিকে ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন সানিলা মহল্লার ঠান্টু হোসেন খাঁ, ডালিম মিয়া, আরিফুল ইসলাম ও আজিজুল হক।
নীলফামারী: জেলার ডোমার পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম ৩ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ৩ হাজার ৩২৮ ভোট। ২ হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, নির্বাচনে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রার্থীদের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।
বগুড়া: জেলার সোনাতলা পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ। তিনি পেয়েছেন ৬ হাজার ৪৫৪ ভোট। আওয়ামী লীগের শাহীদুল বারী খান পেয়েছেন ৬ হাজার ৩৬৯ ভোট।
এদিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় ভোটকেন্দ্রের বাইরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মতিন নামের আওয়ামী লীগের এক নেতা গুরুতর জখম হয়েছেন। মতিন সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওহাব খলিফা ৮ হাজার ৭৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপির মো. আবু তালেব মিয়া পেয়েছেন ১ হাজার ৭০২ ভোট।
অবশ্য, ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টার মাথায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির প্রার্থী আবু তালেব। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওহাবের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেয়।
তবে আবদুল ওহাব বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী।
নয়টি পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৮২। নড়িয়ায় উপনির্বাচনে কেবল মেয়র পদে ভোট হয়। বাকি আটটিতে মেয়রের পাশাপাশি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদেও ভোট হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তখন ২৩৪টি পৌরসভার মধ্যে ২১৪টি পৌরসভার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়। ইসির প্রকাশিত ওই ফলাফলে আওয়ামী লীগ ১৬৮টি পৌরসভায় জয় পায়। বিএনপি পেয়েছে ১৯টি পৌরসভায়। এ ছাড়া জাতীয় পার্টি জয় পেয়েছিল মাত্র ১টি পৌরসভায়। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছিলেন ২৬টি পৌরসভায়।