পাঁচটিতে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসন ছয়টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ছয় আসনের পাঁচটিতেই বিকল্প প্রার্থী রেখে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। একটি আসনে একজনকেই চিঠি দেওয়া হয়েছে। বিএনপির এই মনোনয়ন নিয়ে জেলার সর্বত্রই সমালোচনা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। একরামুজ্জামান দীর্ঘ ১৮ বছর ধরে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সাত্তার ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে চিঠি পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল, সাবেক ছাত্রদল নেতা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক তৌফিকুল ইসলাম দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের জন্য চিঠি পেয়েছেন সাবেক সাংসদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মুসলিম উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও প্রয়াত সাংসদ কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী নাজমুল হোসেন দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সাবেক সাংসদ ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল খালেক এবং উপজেলা বিএনপির সদস্য কৃষিবিদ মেহেদি হাসান দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। তাঁরা সবাই গত সোমবার ও গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি সংগ্রহ করেন।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। ক্ষমতাসীন দল যেকোনো সময় আমাদের প্রার্থীকে অযোগ্য ঘোষণা করতে পারেন। তখন বেকায়দায় পড়ে যাব। তাই প্রতিটি আসনে একজন করে ডামি প্রার্থী রাখা হয়েছে।’