পাঁচটির চারটিতেই 'বিদ্রোহী'
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট ৩১ মার্চ। এর মধ্যে চারটি ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউপি হলো আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা। এ পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য ১৭৪ জন এবং নারী সদস্য পদে ৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজমিরীগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন: আওয়ামী লীগের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কুদ্দুস সেন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রওশন আলী ও ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী আবদুল আওয়াল। বিএনপির প্রার্থী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউপির বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশ্বক আলী ও হুমায়ুন কবীর।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, উন্নয়নের স্বার্থেই ভোটাররা তাঁকে বেছে নেবেন।
বিদ্রোহী প্রার্থী রওশন আলী বলেন, দল তাঁকে মূল্যায়ন না করলেও এলাকার মানুষ তাঁর পাশে আছেন।
বিএনপির প্রার্থী ইসমাইল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। তবে সুষ্ঠু ভোট হলে তিনি জয়ী হবেন।
বদলপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোষার কান্তি দাস। বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি রমাকান্ত সরকার, জাতীয় পার্টির (জাপা) প্রবীর চন্দ্র দাস ও স্বতন্ত্র প্রার্থী প্রেমতোষ চৌধুরী।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তোষার কান্তি বলেন, দল সঠিকভাবে মনোনয়ন দেয়নি। তিনি স্থানীয় নেতা-কর্মীদের চাপে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সুশেনজিৎ চৌধুরী বলেন, তাঁর সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে জনগণ তাঁকেই ভোট দেবে।
জলসুখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান এম এ কাদির। এখানে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ আহমেদ ‘বিদ্রোহী প্রার্থী’। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি বর্তমানে ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর নূর।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ বলেন, দলে নতুনদের সুযোগ সৃষ্টির জন্যই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাকাইলছেও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ও ইউপির বর্তমান চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া, বিএনপির প্রার্থী বর্তমান ইউপির সদস্য মফিল মিয়া এবং একই দলের বিদ্রোহী জামাল উদ্দিন মীর।
নুরুল হক ভূঁইয়া আটবার চেয়ারম্যান নির্বাচন হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়ার বড় ভাই। আবারও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে বিএনপির প্রার্থী মফিল মিয়া বলেন, এখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত।
শিবপাশা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান তফসির মিয়া, দলটির দুই বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আলী আমজদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার। এখানে আরও প্রার্থী হয়েছেন বিএনপির সাদেকুল আমিন চৌধুরী, জামায়াতের নুরুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিশের খেলু মিয়া।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী আমজদ তালুকদার ও নলিউর রহমান তালুকদার বলেন, দল সঠিক মূল্যায়ন করেনি। এ কারণেই তাঁরা নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী সাদেকুল আমিন বলেন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোট জালিয়াতির আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বড় দল, সবাইকে খুশি রাখা যায়নি। যে কারণে কিছু বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত না মানায় ইউনিয়ন আওয়ামী লীগের ওই কর্মী ছাড়া অন্য পাঁচ বিদ্রোহী প্রার্থীকে আমরা ১৭ মার্চ বহিষ্কার করেছি।’