পাঁচতলার অনুমোদন নিয়ে সাততলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় পাঁচতলার অনুমোদন নিয়ে করা হয় তিনতলা। এখন অনুমোদন না নিয়ে ও বিধিমালা লঙ্ঘন করে ভবনটি সম্প্রসারিত করে সাততলা বানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই চলছে বেসরকারি আবেদা মেমোরিয়াল হাসপাতালের স্বাস্থ্যসেবা।
ভবনের মালিক তছর আলী প্রথম আলোকে বলেন, ‘১০ বছর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন পাই। ঠিকাদার ভবন নির্মাণের সময় বলেন, ‘‘যে ভিত্তি দিলাম তাতে আপনি ১৬ তলা নির্মাণ করলেও কোনো সমস্যা হবে না।’’ তাই নতুন করে আরও পাঁচতলা (মোট ১০ তলা) নির্মাণের জন্য আবেদন করেছি। আশা করি, অনুমোদন পাব।’ তছর আলীর কাছে আবেদনের কাগজ ও ভবনের নির্মাণকাঠামোর নকশা দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন তিনি।
ভবনটির আবেদনের ব্যাপারে জানতে চাইলে রাজউকের টঙ্গী অঞ্চলের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার কাছে টঙ্গী অঞ্চল থেকে ভবন বর্ধিতকরণের জন্য কোনো আবেদন জমা পড়েনি। অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়টি খতিয়ে দেখব।’
সরেজমিনে দেখা গেছে, টঙ্গীর স্টেশন রোডে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের উল্টো দিকে তছর আলী মার্কেট। ওই ভবনের নিচতলায় অনেকগুলো ওষুধের দোকান। দ্বিতীয় ও তৃতীয় তলায় আবেদা মেমোরিয়াল হাসপাতাল। ভবনের পশ্চিম পাশেই তছর আলীর আরেকটি তিনতলা ভবন আছে। ওই ভবনের প্রায় ২০ ফুট পাশের ভবনের সঙ্গে যুক্ত করে আরও চারতলা নির্মাণ করা হয়েছে। বর্তমানে ভবনে রং করার কাজ চলছে।
ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, ছয় মিটার প্রশস্ত রাস্তার পাশে পাঁচ কাঠার ঊর্ধ্বে আয়তনবিশিষ্ট জমিতে দোকান বা স্বাস্থ্যসেবা জাতীয় বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে চারদিকে মোট জমির ৪০ ভাগ খালি রাখতে হবে। কিন্তু তছর আলীর ভবনের চারদিকে কোনো খালি জায়গা রাখা হয়নি। ভবনে জরুরি বহির্গমন পথও নেই।
ভবনের ভাড়াটে আবেদা মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা শুরু থেকে দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে হাসপাতালের কার্যক্রম চালাচ্ছে। ভবনের মালিক রাজউক থেকে নতুন করে অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত চারতলা নির্মাণ করে ৫০ হাজার বর্গফুট ভাড়া দেওয়ার প্রস্তাব দেন। তারা রাজি হলে অগ্রিম ভাড়া বাবদ ভবন নির্মাণের জন্য ৮০ লাখ টাকা দেওয়া হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর এ নিয়ে ভবনমালিকের সঙ্গে তাদের একটি চুক্তি হয়। ছয় মাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তছর আলী নতুন নির্মিত চারতলা বুঝিয়ে দিচ্ছেন না। এ ব্যাপারে তারা ২২ সেপ্টেম্বর টঙ্গী মডেল থানায় মামলা করে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক ইফতেখার হোসেন সিরাজী বলেন, ‘রাজউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় আমরা কোনোভাবেই তা বুঝে নেব না।’
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বীকার করেন, তছর আলী পাঁচতলার অনুমোদন নিয়ে অবৈধভাবে সাততলা নির্মাণ করেছেন।
জয়নাল দাবি করেন, এ ব্যাপারে রাজউক ব্যবস্থা নেবে। তাই তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।