জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম জনি ইসলাম। বাড়ি উপজেলার শ্রীমন্তপুর গ্রামে।
এদিকে গতকাল ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিকটবর্তী মোঘল হাট সীমান্তে বিএসএফ এক বাংলাদেশি দম্পতিকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন আনিছুর রহমান (২৮) ও তাঁর স্ত্রী ছবিয়া বেগম (২৫)। বাড়ি উপজেলার বাড়াইটারী।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনি (২২) একদল গরু ব্যবসায়ীর সঙ্গে গতকাল ভোরে হাটখোলা সীমান্তে ভারতের ভেতরে যান। একপর্যায়ে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে ভারতের দিনাজপুর জেলার বালুর ঘাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়। জনির মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফের মধ্যে গতকাল দুপুরে হাটখোলা সীমান্তের সাড়ে ৩০০ গজ ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার ও বিএসএফের পক্ষে ৭৫ ব্যাটালিয়নের অধিনায়ক আর কে মাথুর। বৈঠক শেষে আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যার দিকে দিনাজপুরের হিলি হাকিমপুর তল্লাশিচৌকি দিয়ে জনির মরদেহ বিজিবির কাছে হস্তান্তরের কথা।
এদিকে কুড়িগ্রামের আনিছুরের বাবা ছায়েদ আলী বলেন, আনিছুর প্রায় এক বছর আগে দালালের খপ্পরে পড়ে স্ত্রীসহ ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। সেখানে কয়েক দফায় প্রতারিত হয়ে গতকাল স্ত্রীকে নিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। ভোরে সীমান্তের ৯২৭/৯২৮ নম্বর পিলারের মধ্যবর্তী ভারতের মরাকুটি এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাঁদের আটক করে।
এ ব্যাপারে ৪৫ বিজিবির অধীন গোরকমণ্ডপ বিওপির হাবিলদার শরিফুল ইসলাম জানান, ‘ঘটনাটি আমাদের এলাকায় ঘটেনি। তা ঘটেছে পাশের লালমনিরহাট জেলার মোঘল হাট সীমান্তে। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’