পাঁচবিবি সীমান্তে বিজিবির গুলিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে গত মঙ্গলবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে দুজন নিহত হয়েছে। তারা চোরাচালানি বলে বিজিবি দাবি করেছে। ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও ২১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।কয়া বিওপি ক্যাম্পের কমান্ডার মফিজ উদ্দীন দাবি করেন, চোরাচালান প্রতিরোধে ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল রাতে কয়া সীমান্তের ২৮২ মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে রামভদ্রপুর গ্রামে টহল দিচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে প্রায় ১০০ জনের একটি ‘চোরাচালানি’ দল ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে ঢোকে। টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তারা বিজিবি সদস্যদের ঘেরাও করে হামলা করার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ১২টি গুলি ছোড়ে। গুলিতে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের রানা হোসেন (৩৫) ও মহিদুল ইসলাম (২০) গুরুতর আহত হন। রাতেই তাঁদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংঘর্ষে বিজির কোনো সদস্য আহত হননি।রানার ছোট ভাই সুলতান মাহমুদ হাসপাতালের মর্গে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ভাই জিরা আনার জন্য ভারতে যাচ্ছিলেন। কিন্তু ভারতে যাওয়ার আগেই তাঁর ভাই ও মহিদুলকে বিজিবি সদস্যরা অন্যায়ভাবে গুলি করে হত্যা করেন। তিনি বলেন, তাঁর ভাই দোষী হলে বিজিবি তাঁকে গ্রেপ্তার করতে পারত।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির খসরু আলী জানান, রাতে চোরাচালানিরা টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ১২টি গুলি ছোড়ে। এতে চোরাচালানি দলের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁরা মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, বিজিবির কয়া ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।