পাঁচবিবিতে অবাধে ঢুকছে ভারতীয় নিম্নমানের সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে আসছে এসএসপি (সিঙ্গেল সুপার ফসফেট) সার। আলু ও বোরো ধানের মৌসুম সামনে রেখে চোরাকারবারিরা ভারতীয় এই নিম্নমানের সার নিয়ে পাঁচবিবি বাজারসহ বিভিন্ন জায়গায় মজুদ ও সরবরাহ করছে। এই সার ব্যবহার করলে আলু ও বোরো ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচবিবি সীমান্তের চেঁচড়া, কয়া, উচনা, রতনপুর, ঘোনাপাড়া, আটাপাড়া ও কড়িয়া এলাকা দিয়ে রাতে ও দিনে চোরাকারবারিরা সাইকেলে করে আনছে এসএসপি সার। এসব সার বাগজানা, আটাপাড়া, সোনাপুর, পাঁচবিবি বাজার, মাঝিনা, পাগলা বাজার, কড়িয়া বাজার, দানেজপুরসহ বিভিন্ন এলাকায় তারা মজুদ করে। পরে ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে পাঁচবিবি বাজার হয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, শিবগঞ্জ ও ঘোড়াঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চোরাকারবারিরা দিনের বেলায় সাইকেলে করে সার নিয়ে এসে পাঁচবিবি বাজারের বিভিন্ন মুদির দোকানে বিক্রি করে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নিম্নমানের সার নিয়ে আসার জন্য পুলিশ, বিডিআরসহ বিভিন্ন সরকারি সংস্থার নামে লাইনম্যানরা টাকা আদায় করে। কখনো কখনো লাইনম্যানরা চোরাকারবারিদের কাছ থেকে টোকেনের মাধ্যমে টাকা আদায় করে। চেঁচড়া, কয়া ও আটাপাড়া সীমান্ত এলাকায় বাবুল হোসেন ওরফে বাবু ও ছরওয়ার চোরাকারবারিদের কাছ থেকে টাকা আদায় করেন। রতনপুর এলাকায় শহীদুল, ঘোনাপাড়ায় নূর ইসলাম. কয়া ও চেঁচড়া এলাকায় দুদু, গোপাল, জুয়েল, সায়দার, রোস্তম, মাসুদ, শহিদুল, বেলাল, বাবুল হোসেন ও হাবিব টাকা আদায় করেন। সোনাপুর, বাগজানা, পাঁচবিবি বাজার, মাঝিনা বাজার, পাগলা বাজার ও কড়িয়া বাজারে টাকা আদায় করেন স্থানীয় কয়েকজন যুবক।পাঁচবিবি বাজারের সারের ডিলার গৌর কুণ্ডু বলেন, দেশে দাম কম হওয়ায় ভারত থেকে পটাশ সার আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু ভারতীয় এসএসপি সার প্রচুর আসছে। ভারতীয় এই সার আসায় টিএসপি সারের বিক্রি কমে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল ওয়াদুদ বলেন, বাংলাদেশি টিএসপি সারের চেয়ে ভারতীয় এসএসপি সারের গুণগত মান অনেক কম। নিম্নমানের সার ব্যবহারের ফলে ফসলের ফলন কম হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। প্রকাশ্যে সার আসার বিষয়টি তিনি বিভিন্ন দপ্তরকে অবহিত করেছেন বলে জানান।সীমান্তবর্তী ধরনজি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা ভারতীয় নিম্নমানের সার আসার বিষয়টি স্বীকার করে বলেন, এই সার পানিতে গলে না। বিষয়টি বিডিআরকে জানানো হয়েছে।জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভারতীয় সার আসছে, এটা আমাদের জানা নেই। আপনার নিকট থেকেই শুনছি। অবৈধ সার এসে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’