পাঁচবিবিতে গম কেনায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে গম সংগ্রহ অভিযান শুরুর তিন দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে না কিনে ব্যবসায়ীদের কাছ থেকে গম কিনছেন—এমন অভিযোগ ওঠার পর জেলা প্রশাসকের নির্দেশে ১৬ এপ্রিল গম কেনা বন্ধ করে দেওয়া হয়।এ ঘটনায় জেলা প্রশাসক ১৬ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের তদন্তটি গঠন করেন। কমিটি ওই দিনই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।উপজেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২৩৫ টন গম কেনা হবে। ১২ এপ্রিল জেলা প্রশাসক গম ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। রাধাবাড়ি গ্রামের চাষি জাফরুল ইসলাম মণ্ডল, সুলতানপুরের সাইদুর রহমান ও পাঁচবিবি বাজারের মোজাম্মেল হক অভিযোগ করেন, খাদ্য বিভাগের কর্মকর্তারা উচিৎপুরের আইনুল হকসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে কৃষকদের নাম ব্যবহার করে গম কিনছেন এবং ব্যবসায়ীরা বাজার থেকে নিম্নমানের গম কিনে গুদামে সরবরাহ করছেন।উপজেলা খাদ্য কর্মকর্তা ইয়াছিন আলী অভিযোগ অস্বীকার করে জানান, উপজেলা কৃষি কার্যালয় থেকে নেওয়া গমচাষিদের তালিকা ও তাঁদের পরিচয়পত্র দেখে গম কেনা হচ্ছে। ১৫ এপ্রিল পর্যন্ত ১৪ চাষির কাছ থেকে ৩৪ টন ৩৫০ কেজি গম কেনা হয়েছে।কৃষি কার্যালয়ের তালিকায় থাকা রামচন্দ্রপুর গ্রামের চাষি গোলজার হোসেন বলেন, ‘আমি সরকারি গুদামে গম বিক্রি করিনি।’ রামভদ্রপুর গ্রামের আশেক আলী বলেন, ‘১০ কাঠা বর্গা জমিতে দেড় মণ গম পেয়েছি। তিন টন গম কোথা থেকে দিবো।’ একই গ্রামের গমচাষি খবির উদ্দিন, ফজলুর রহমান, বজলুর রহমান, মার্শেল হেমব্রম, মেসকেল হেমব্রম ও রামভদ্রপুর গ্রামের গমচাষি নাজিরুদ্দিন জানান, তাঁরা কেউ সরকারি গুদামে গম বিক্রি করেননি।গমচাষিরা অভিযোগ করেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল বারী পাটবীজ দেওয়ার কথা বলে এসব কৃষকের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে একদিন পরে ফেরত দিয়েছেন। জাহিদুল বারী গমচাষিদের পরিচয়পত্রের অনুলিপি ও চাষিদের তালিকা খাদ্য কর্মকর্তা ইয়াছিন আলীর কার্যালয়ে দেওয়ার কথা স্বীকার করেন।ব্যবসায়ী আইনুল হক সরাসরি গুদামে গম বিক্রির কথা অস্বীকার করে দাবি করেন, কৃষকদের মাধ্যমে গুদামে গম সরবরাহ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার আলী ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার কথা অস্বীকার করেছেন।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, অভিযোগের কারণে পাঁচবিবির খাদ্য সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।