পাঁচবিবিতে গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবির গরু-ছাগলের হাটে গত শুক্রবার ও মঙ্গলবার চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত হাসিল (টোল) আদায়সহ পশুবাহী যানবাহন থেকে এই চাঁদাবাজি করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাটে প্রতিটি গরু ও মহিষ বিক্রি হলে ২০০ টাকা এবং ছাগল বা ভেড়া বিক্রি হলে ৭০ টাকা করে হাসিল দিতে হবে। কিন্তু হাট ইজারাদার প্রতিটি গরু বা মহিষ থেকে ২৫০ টাকা এবং ছাগল বা ভেড়া থেকে ১২০ টাকা করে হাসিল আদায় করছেন। এ ছাড়া হাটে পশু বিক্রেতার কাছ থেকেও ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে গরু-ছাগল পরিবহনের ট্রাকপ্রতি ৫০০ টাকা এবং ভটভটি-নছিমন থেকে ৮০-৯০ টাকা করে চাঁদা আদায় করা হয়। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পাঁচবিবি হাটে প্রতিটি গরু বা মহিষ ক্রেতার কাছ থেকে হাসিল বাবদ (ছাপা রসিদ) ২০০ টাকার স্থলে ২৫০ টাকা এবং একই সঙ্গে ভ্যাট নাম দিয়ে বিক্রেতার কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়। প্রতিটি ছাগলের জন্য ক্রেতার কাছ থেকে ৭০ টাকার স্থলে ১২০ টাকা এবং ভ্যাট নাম দিয়ে বিক্রেতার কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়।এ ছাড়া পশু পরিবহনের প্রতিটি ট্রাক থেকে জয়পুরহাট ট্রাক, ট্যাংক ও লরি শ্রমিক সংগঠনের নামে ৩০০ টাকা, পাঁচবিবি মোটর শ্রমিক ইউনিয়নের নামে ১০০ টাকা ও পাঁচবিবি পৌরসভার নামে ১০০ টাকা করে চাঁদা উঠানো হয়। পশুবাহী ভটভটি ও নছিমন থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে ৪০ টাকা ও পৌরসভার নামে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়। হাটের ইজারাদার মোজাফফর রহমান বলেন, ‘গত শুক্রবার ও মঙ্গলবার কোরবানির হাট থেকে পৌরসভার অলিখিত নির্দেশে এই চাঁদা উঠানো হয়েছে। অতিরিক্ত চাঁদাবাজির কারণে গরুর ব্যবসায়ীরা এই হাটেও আসছেন না।’ কী কারণে চাঁদা উঠানো হচ্ছে, জানতে চাইলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ট্রাক বন্দোবস্তকারী অফিস (দালাল অফিস), পাঁচবিবি মোটর শ্রমিক ইউনিয়ন ও পৌরসভার সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ট্রাক থেকে চাঁদা উঠানো হয়েছে। তিনি ভটভটি ও নছিমন থেকে চাঁদা তোলার কথাও স্বীকার করেন। পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঈদের পর পাঁচবিবি ফাউন্ডেশনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য হিসেবে ২০ টাকা করে অতিরিক্ত নেওয়ার কথা বলেছিলাম। এর চেয়ে বেশি নেওয়া হলে সেটা আমার জানা নেই।’