পাঁচবিবিতে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরপুইল শালপাড়া রাস্তার বড়তারা সেতুর পশ্চিম পাশে দুর্বৃত্তদের হামলায় গত মঙ্গলবার রাতে মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা (৬৫) নিহত এবং আরেকজন মারাত্মক আহত হয়েছেন।এ ব্যাপারে গোলাম মোস্তফার ভাই জয়পুরহাটের খাসপাহান্দা গ্রামের নবীর উদ্দিন পাঁচবিবি থানায় একটি মামলা করেছেন। মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোলাম মোস্তফা মেয়ের বিয়ে উপলক্ষে বরপক্ষের সঙ্গে কথা বলার জন্য তাঁর শ্যালক জয়পুরহাটের বালিয়াতৈর গ্রামের মো. গোলাম নুরুন্নবীর মোটরসাইকেলে চড়ে পাঁচবিবির ফিচকাঘাটে যান। কথা বলার পর রাতে তাঁরা মো. গোলাম নুরুন্নবীর শ্বশুরবাড়ি পাঁচবিবির জম্মমান গ্রামে যান। সেখান থেকে রাতে খাওয়ার পর বাড়ি ফেরার পথে দরপুইল শালপাড়া রাস্তার বড়তারা সেতুর কাছে দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা রশি দিয়ে তাঁদের মোটরসাইকেল আটকে ফেলে। এরপর তারা অস্ত্র দিয়ে দুজনকে আঘাত করলে তাঁরা মারাত্মক আহত হন। এতে গোলাম মোস্তফা বুকের বাম পাশে ও ডান হাতের কনুইয়ে ও গোলাম নুরুন্নবীর বুকে মারাত্মক জখম হয়। দুর্বৃত্তরা তাঁদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে গ্রামবাসী আহত দুজনকে নিয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা এবং আহত মো. গোলাম নুরুন্নবীকে ভর্তি করে নেন।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।