পাঁচবিবিতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ফেরদৌস (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়। তিনি উপজেলার চকসিদইল গ্রামের আবুল কালামের ছেলে। পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, উপজেলার চকসিইল গ্রামের এক দিনমজুরের বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েকে ফেরদৌস তাঁর বাড়িতে একা পেয়ে গত বছরের আগস্ট মাসে ধর্ষণ করেন। দীর্ঘদিন পর মেয়েটির বাবা-মা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের উপস্থিতিতে মেয়েটি ফেরদৌসকে ধর্ষণকারী হিসেবে শনাক্ত করে। থানা সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ফেরদৌসের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) তহছেনুজ্জামান দাবি করেন, গ্রেপ্তার হওয়ার পর ফেরদৌস ওই মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেন।