পাঁচবিবিতে পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাষিরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলার হাটবাজারগুলোতে এক সপ্তাহ আগেও প্রতি মণ পাট এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এখন পাটের দাম নেমে এসেছে ৮০০ টাকা থেকে এক হাজার ১০০ টাকায়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার এক হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর এখানে ১৭ হাজার ২৭১ বেল্ট পাট উৎপাদন করা হয়েছিল। বিগত তিন বছর দাম ভালো পাওয়ায় চাষিরা ব্যাপক আগ্রহ নিয়ে পাট চাষ করেছেন। বিছাপোকার আক্রমণ ও অতিবৃষ্টির কারণে পাটের ফলন এবার ভালো হয়নি এবং মানও ভালো হয়নি। এখন এসব নিম্নমানের পাটের দাম কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন।স্থানীয় সরকারি পাট ক্রয় কেন্দ্রের পার্চেজার (ক্রয় কর্মকর্তা) অজিত কুমার বিশ্বাস জানান, এ কেন্দ্রে গত ২৭ জুলাই পাট ক্রয় শুরু হয়েছে। তাঁরা উন্নতমানের প্রতি মণ পাট এক হাজার ৮০০ টাকা এবং মাঝারি মানের পাট এক হাজার ৬৫০ টাকায় কিনছেন। এখানে পাট আমদানি বেশি কিন্তু লেবারের সংকটের কারণে পাট কেনা সহজ হচ্ছে না। এ পর্যন্ত নয় হাজার মণ পাট কেনা হয়েছে। পাঁচবিবি অঞ্চলে উন্নতমানের ১০ শতাংশ, মাঝারি মানের ২০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ নিম্নমানের পাট উৎপাদিত হয়।অজিত কুমার বিশ্বাস আরও জানান, মিল কর্তৃপক্ষ এ মৌসুমে নিম্নমানের পাট কিনবে না বলে নির্দেশ দেওয়ায় তাঁরা নিম্নমানের পাট কিনতে পারছেন না। পাট বিক্রি করতে আসা কড়িয়া গ্রামের আবুল হোসেন প্রতি মণের দাম এক হাজার ১০০ টাকা বলায় পাট বিক্রি না করে ফেরত নিয়ে যান।পাটের ব্যবসায়ী নির্মল কুমার দে ও পারভেজ আলম বলেন, গত বছর এক হাজার ৯৫০ টাকা মণ দরে পাট কেনা হয়েছে। গত বছর কেনা ৩০০ মণ পাট এখনো বিক্রি করা সম্ভব হয়নি। এ বছরও পাট বিক্রি করতে সমস্যা হচ্ছে। পাঁচবিবি সরকারি পাট ক্রয় কেন্দ্রে নিম্নমানের পাট কিনছে না। এতে চাষিরা বিপাকে পড়েছেন। গত মঙ্গলবার উপজেলার বৃহৎ পাটের বাজার পাঁচবিবি হাট ঘুরে দেখা গেছে, প্রতি মণ পাট ৭৫০ টাকা থেকে এক হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাষিরা দাবি করেছেন, এক সপ্তাহ আগেও পাট এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে।