পাঁচবিবিতে পিপিআরে ১২টি ছাগলের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে গত ১৫ দিনে পিপিআর (পেপসিডেক্স পেটিট্ক রুমিক্যান) রোগে আক্রান্ত হয়ে ১২টি ছাগল মারা গেছে এবং আক্রান্ত হয়েছে শতাধিক। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা এ রোগ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন। ছাগল পালনকারী ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি পৌর এলাকার পশ্চিম বালিঘাটা, পাঁচবিবি, মাতাইশ মঞ্জিল, কলোনিপাড়া, নাকুড়গাছি গ্রামে এবং কলন্দপুর, রতনপুর, শালপাড়া, উচাই ও বালিঘাটা গ্রামের বেশ কিছুসংখ্যক ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। পৌর এলাকার দমদমা গ্রামের রেজাউল করিম জানান, পিপিআর রোগে আক্রান্ত হয়ে তাঁর সাতটি ছাগলের মধ্যে চারটি মারা গেছে। বাকিগুলোকে তিনি প্রতিষেধক দিয়েছেন। একই এলাকার ফেরদৌস মণ্ডল জানান, এ রোগে তাঁর সাতটি ছাগলের মধ্যে একটি মারা গেছে। বাজার থেকে প্রতিষেধক কিনে তিনি চিকিৎসা করেছেন। রেজাউল ও ফেরদৌস আরও জানান, এ রোগে আক্রান্ত হয়ে পশ্চিম বালিঘাটা আবদুর রশীদের চারটি, বিকাশের দুটি ও আঞ্জুয়ারা বেওয়ার একটি ছাগল মরেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, পিপিআরে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হচ্ছে: ছাগলের প্রচণ্ড জ্বর, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, মুখে ঘা এবং পাতলা পায়খানা হয়। এ রোগ নিয়ন্ত্রণে গত ১০ দিনে পাঁচবিবি পৌরসভাসহ আটটি গ্রামের আড়াই শ ছাগলকে প্রতিষেধক দেওয়া হয়েছে।মামুনুর-রশিদ আরও জানান, পিপিআর রোগে আক্রান্ত হওয়ার আগেই ছাগলকে প্রতিষেধক দেওয়ার নিয়ম। কিন্তু পালনকারীরা সচেতন নয় বলে আক্রান্ত না হওয়া পর্যন্ত কেউ ছাগলের চিকিৎসা করাতে আসেন না। আক্রান্ত ছাগলকে পিপিআরের প্রতিষেধকের পাশাপাশি মেভা-এসপি ইনজেকশন দেওয়া হয়।